বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৬ পিএম
স্বামী শাহাদৎ হোসেন ও তার স্ত্রী তামান্না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুরে এনার্জি ড্রিংকসে বিষাক্ত পদার্থ মিশিয়ে নববধূ স্বামী শাহাদৎ হোসেন (২২)কে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় আসামিরা হলেনÑ নিহতের সদ্য বিবাহিত স্ত্রী তামান্না, শ্বশুর কামাল, শাশুড়ি সুলতানা, শ্যালিকা কামরুন্নাহার আশা এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মশফিকুর।
প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে মারা যান শাহাদৎ হোসেন।
এজাহারে নিহতের বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তামান্নার আচরণে অসঙ্গতি ও স্বামীর প্রতি অনীহা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে তারা জানতে পারেন, তামান্নার সঙ্গে মশফিকুর নামে একজনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এমনকি এর আগে তারা বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। বিষয়টি নিয়ে তামান্নার পরিবারের সঙ্গে আলোচনা করলে তারা আগের ঘটনা ভুলে সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় শাহাদৎকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওই দিন বিকেল ৫টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে শ্বশুরের বাড়ি ফেরার পথে হরিরামপুর মোড় পার হওয়ার পর তামান্না বোতলটি খুলে শাহাদৎকে এনার্জি ড্রিংকস পান করতে বলেন। স্ত্রীর কথায় তিনি তা পান করেন।
কিছুক্ষণ পর ড্রিংকসের স্বাদ অস্বাভাবিক ও দুর্গন্ধযুক্ত মনে হলে শাহাদৎ বিষয়টি স্ত্রীকে জানান এবং তাকেও পান করে দেখতে বলেন। তবে তামান্না তা পান না করে বোতলের মুখ বন্ধ করে রাখেন। পরে ধনসা মাঠ এলাকায় পৌঁছালে তিনি কৌশলে বোতলটি ফেলে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাড়িতে পৌঁছানোর পর শাহাদৎ বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। একপর্যায়ে জ্ঞান হারালে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অবস্থার অবনতি হলে পরদিন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে প্যারাকোয়াট (Paraquat) বিষক্রিয়া শনাক্ত হয় বলে এজাহারে দাবি করেছেন বাদী।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে না পেরে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ৪ নভেম্বর থানায় একটি মামলা করেছেন।
মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।