গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেওয়া নির্যাতনের ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেওয়া নির্যাতনের ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার রাতে ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় শিক্ষক রাব্বি হোসেনকে
(২৫) গ্রেপ্তার করা হয়।
রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক।
তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
মামলার এজাহার ও শিশুর স্বজনরা জানান, গত ৪ নভেম্বর বিকেলে মাদ্রাসার ওই শিক্ষক
নয় বছর বয়সি শিক্ষার্থী ওসমান গণি নাঈমকে গরম ইস্তি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা
দেন বলে অভিযোগে রয়েছে। পরদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদ্রাসায় গেলে
সে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়।
এ ঘটনায় রবিবার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন।
পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার
পর তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।