× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, গুলিতে নারী আহত

দীঘিনালা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১২:২৬ পিএম

গুলিতে আহত অরুনা চাকমাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: ভিডিও থেকে

গুলিতে আহত অরুনা চাকমাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: ভিডিও থেকে

সশস্ত্র সংঘাত, পাল্টাপাল্টি সড়ক অবরোধ ও গোলাগুলিতে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের পরিস্থিতি। দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য, পানি ও ওষুধের সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে দীঘিনালার শুকনোছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অরুনা চাকমা (৩০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।

রবিবার রাত আনুমানিক ৮টায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা জোনে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, গত ১১ অক্টোবর থেকে সাজেকে চলমান অবরোধের কারণে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি, সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির পাল্টাপাল্টি অবরোধে স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে ব্যাপক মন্দা।

এদিকে, চলমান পরিস্থিতির কারণে সাজেক ইউনিয়নের অন্যতম বৃহৎ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান বনানী বন বিহারের শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিহারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কঠিন চীবর দান উদযাপন কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবরোধে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অবরোধ ও সংঘাত অব্যাহত থাকলে পাহাড়জুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

তারা দ্রুত অবরোধ নিরসন, সড়ক যোগাযোগ স্বাভাবিক করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে ওসি তোফাজ্জল হোসেন বলেন, “একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেছেন”।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, “গুলিবিদ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা