সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১১:৫৫ এএম
বল্লী নদীর ওপর তিন গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে তৈরি করা হচ্ছে স্টিলের সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একটি সেতুর অভাবে বছরের পর বছর বিচ্ছিন্নতার দুর্ভোগে দিন কাটছে তিন গ্রামের মানুষের। নদী পারাপারে ভরসা একমাত্র নৌকা। কখনও দীর্ঘ অপেক্ষা, কখনও প্রতিকূল আবহাওয়াÑ সব মিলিয়ে প্রতিদিনই নানা ভোগান্তির মুখোমুখি হতে হয় তাদের।
দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোগ নিয়েছেন সেতু নির্মাণের। প্রবাসীদের সহযোগিতা আর স্থানীয়দের চাঁদায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে সাড়ে ৩০০ ফুট দীর্ঘ একটি স্টিলের সেতু ও সংযোগ সড়ক। ইতোমধ্যে কাজের ৫০ থেকে ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছে। সেতুটি চালু হলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার তিন গ্রামের প্রায় আট হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় খুলবে নতুন দুয়ার।
নৌকাই একমাত্র ভরসা
ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পংধূলন, হরিপুর ও গল্লী গ্রামের মানুষের যোগাযোগের প্রধান বাধা বন্নী নদী কাটা খাল। নদীর দুই পাড়ে বসবাস করলেও সহজ যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। প্রতিদিন জীবনের প্রয়োজনেই নদী পার হতে হয় তাদের। এপার থেকে ওপারে যেতে নির্ভর করতে হয় নৌকার ওপর। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। নৌকার জন্য অপেক্ষা করতে গিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়।
প্রবাসী-গ্রামবাসীর টাকায় স্বপ্নের সেতু : পংধূলন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বন্নী নদী কাটা খালের ওপর নির্মাণ করা হচ্ছে সাড়ে ৩০০ ফুটের বেশি দীর্ঘ স্টিলের সেতু। পাশাপাশি দুই পাশে তৈরি করা হচ্ছে সংযোগ সড়ক। পুরো প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। গ্রামের প্রবাসী বাসিন্দাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় মানুষও নিজেদের সামর্থ্য অনুযায়ী চাঁদা দিচ্ছে। কারও সহযোগিতা বড় অঙ্কের, কারও সামর্থ্য সীমিত; কিন্তু সবার লক্ষ্য একÑ নিজেদের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান।
সেতু নির্মাণের অন্যতম উদ্যোক্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, সরকারি বরাদ্দের অপেক্ষায় থাকলে প্রকল্প বাস্তবায়নে আরও কয়েক বছর লেগে যেতে পারে। এর আগে সেতু নির্মাণের একটি উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে সেটি অন্য জায়গায় চলে যায়। ফলে নিজেদের উদ্যোগেই কাজ শুরু করার সিদ্ধান্ত নেন তারা।
তিনি বলেন, “আমরা প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। গ্রামের মানুষও যার যার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিচ্ছেন। সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা করলে কখন হবে, আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সরকারি প্রক্রিয়ায় অনেক সময় লাগে। অথচ আমাদের সমস্যা এখনই। তাই গ্রামের মানুষকে নিয়ে বসে আলোচনা করে নিজেরাই কাজ শুরু করেছি। গ্রামের অনেক সাধারণ মানুষও শুরুতেই প্রায় লাখ টাকা করে সহযোগিতা দিয়েছেন”
এগিয়েছে নির্মাণকাজ, শেষ হয়েছে পিলার
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সেতুর নিচের পিলার নির্মাণের কাজ শেষ হয়েছে। দুই পাশের সংযোগ সড়কের কাজও অনেকটা এগিয়েছে। বর্তমানে সেতুর ওপরের অংশে স্টিলের কাঠামো ও প্রয়োজনীয় উপকরণ স্থাপনের কাজ চলছে। সব মিলিয়ে নির্মাণকাজের অগ্রগতি ৫০ থেকে ৫৫ শতাংশ। পুরো কাজ শেষ করতে আরও কিছু অর্থ ও সময় প্রয়োজন।
মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “রাস্তার দুই পাশের কাজ করা হয়েছে। নিচের পিলারও হয়ে গেছে। এখন ব্রিজের ওপরের অংশে রড ও স্টিলের পাত বসানোর কাজ চলছে। মোটামুটি অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে”।
শিক্ষার্থীদের চোখে সহজ যাতায়াতের প্রত্যাশা
সেতুটি নির্মিত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শিক্ষার্থীরাÑ এমনটাই মনে করছেন স্থানীয়রা। প্রতিদিন অর্ধশতাধিক শিক্ষার্থী এই নদী পার হয়ে রায়টুটি স্কুল ও রাজি মাদ্রাসায় যাতায়াত করে। নৌকার জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক সময় তাদের ক্লাসে পৌঁছাতে দেরি হয়। বর্ষায় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।
পংধূলন গ্রামের যুবক বায়েজিদ বলেন, “নদী পারাপারের সমস্যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় নৌকার অপেক্ষায় থাকতে গিয়ে ক্লাস শুরু হয়ে যায়। বাড়ি থেকে খাবার নিয়েও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সেতুটি চালু হলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। পাশাপাশি অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়াও সহজ হবে”।
শিক্ষার্থী নাছির হোসেন বলেন, “আমাদের প্রতিদিন এই নদী পার হয়ে স্কুলে যেতে হয়। নৌকার জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। সেতুটি হলে আমাদের যাতায়াত অনেক সহজ হবে”।
কৃষকের ফসল যাবে সহজে বাজারে
যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে স্থানীয় কৃষিতেও। নদী পার হয়ে কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে কৃষকদের বাড়তি সময় ও খরচ করতে হয়। নৌকার অপেক্ষায় অনেক সময় নষ্ট হয়। পণ্য পরিবহনের ক্ষেত্রেও তৈরি হয় নানা জটিলতা।
স্থানীয় কৃষক আকবর আলী বলেন, “আমাদের এলাকার কৃষিপণ্য বাজারে নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়। নদী পার হয়ে ফসল নিয়ে যাওয়া বেশ কষ্টের। অনেক সময় নৌকার জন্য অপেক্ষা করতে হয়। সেতুটি হলে সহজেই কৃষিপণ্য বাজারে নিতে পারব। এতে সময় ও পরিবহন খরচ দুটোই কমবে। তাই আমরা গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে সেতু নির্মাণ করছি”।
সহযোগিতার আশ্বাস প্রশাসনের
রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিলকী (বাবু) বলেন, এলাকাবাসী সেতু নির্মাণের বিষয়ে তার কাছে এসেছিলেন। কিন্তু তখন সরকারি অর্থবছরের বাজেটে বরাদ্দ না থাকায় পরিষদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। পরে গ্রামবাসী নিজেদের উদ্যোগে সেতু নির্মাণ শুরু করেছেন। তাদের এই উদ্যোগ সফল হোক, সে জন্য তিনি শুভ কামনা জানিয়েছেন।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “গ্রামবাসীর অর্থায়নে নির্মাণাধীন সেতুটির কাজের অগ্রগতি পরিদর্শনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনার কোনো বরাদ্দ হাতে নেই। তবে উপজেলা পরিষদের এডিবি বরাদ্দ থেকে কিছু অর্থসহায়তা দেওয়ার চেষ্টা করা হবে”।