খুলনা অফিস
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ২২:০১ পিএম
আহত মো. মসিউর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তার নাম মো. মসিউর রহমান। তিনি খুলনার রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক পদে কর্মরত রয়েছেন।
আহত ওই কর্মকর্তা জানিয়েছেন, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গুলি ছুড়তে দেখেন। তাকে লক্ষ্য করে গুলি করা হয়নি দাবি করে তিনি বলেন, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে।
গুলিটি তার বাম পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তাঁর পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে।
এ বিষয়ে খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থল ও ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।