× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ফের বিক্ষোভ, সাত কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৮:৪৬ পিএম

গাজীপুর শিল্পাঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: ভিডিও থেকে

গাজীপুর শিল্পাঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: ভিডিও থেকে

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরতে শুরু করলেও নতুন করে বিক্ষোভে জড়িয়েছেন শ্রমিকেরা।

বেতন বৃদ্ধির দাবিতে রবিবার মহানগরীর কোনাবাড়ীর জরুণ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় ওই এলাকার সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও ভান্নারা-মৌচাক এলাকার জেনিথ ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা ১৪ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। পরে এপেক্স ফুটওয়্যার কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অর্ধশতাধিক শ্রমিক লাঠি হাতে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুণ এলাকার দিকে আসেন। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। কারখানাগুলোতে তখন উৎপাদন কার্যক্রম চলছিল। স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে আড়াইটা পর্যন্ত শিল্পাঞ্চলের কার্যক্রম স্বাভাবিক ছিল। তিনটার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুণ মোড়ে আসেন। তারা ছয় থেকে সাতটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় ওই এলাকার সাতটি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।

এদিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশের পর কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ১৪ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়া, ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান, শ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় জবাব ও বিচার, শ্রমিকদের মারধর ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হারুন ও মহিবুল্লার বিচার এবং তাদের কারখানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া।

এ ছাড়া কোনো শ্রমিককে ছাঁটাই না করা, কারখানার চিকিৎসাকেন্দ্র ২৪ ঘণ্টা চালু রাখা, এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু, ছুটির টাকা পূর্ণ পরিশোধ এবং ছুটি নিলে হাজিরা বোনাস না কাটার দাবি জানিয়েছেন তারা।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে সুপারভাইজার ও কর্মকর্তাদের দুর্ব্যবহার বন্ধ, মানবসম্পদ বিভাগের ছুটিসংক্রান্ত আচরণে পরিবর্তন, শ্রমিক প্রতিনিধি ও পিসি সদস্যদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া, এক হাজার টাকা হাজিরা বোনাস এবং ৪০ টাকা টিফিন বিল নির্ধারণ।

একই গ্রুপের ভান্নারা-মৌচাক এলাকার জেনিথ ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরাও কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। তাদের একাংশ কারখানা থেকে বের হয়ে ভান্নারা-মৌচাক বাজারে জড়ো হন।

শ্রমিকদের অভিযোগ, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার আচরণ সন্তোষজনক নয়। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উৎপাদনকাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এপেক্স ফুটওয়্যারের শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তারা চলে যান। চামড়াজাত পণ্য উৎপাদনকারী কারখানার মজুরি কাঠামোর সঙ্গে তৈরি পোশাক কারখানার মজুরি কাঠামোর মিল নেই। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর রবিবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলাবাজারসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রীপুরের শিল্পকারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. সোহেল রানা বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের মোট ২১ প্লাটুন সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা মহাসড়কসহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন।

এদিকে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিভিন্ন থানায় ১২টি মামলা হয়েছে। এসব মামলায় পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৭০ জন।

পুলিশের তথ্য অনুযায়ী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের করা তিনটি মামলায় পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪২ জন। অন্যদিকে জিএমপির বিভিন্ন থানায় করা নয়টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৮ জন।

আন্দোলনের সময় বাংলাবাজার এলাকায় একটি কারখানায় ভাঙচুরের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে হামলার শিকার হন শ্রমিক তৌফিক শেখ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন আন্দোলনকারী তাকে মারধর করেছিলেন।

তৌফিকের মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে জিএমপি ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা