বরগুনা প্র্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৬:৩৫ পিএম
প্রতীকী ছবি
বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আট বছরের শিশু মো. ইহানের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা দুদিন পর রবিবার সকাল ৯টার উদ্ধার করেছে।
নিখোঁজের পর সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আমতলা এলাকায় নদী থেকে তার
মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইহান বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির
হোসেনের ছেলে।
স্বজনরা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস শুক্রবার দুপুরে ঢাকা থেকে আসা ইহানের বাবার
এক বন্ধুর পরিবারসহ ১০ থেকে ১২ জনের একটি দল বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন বিষখালী নদীর তীরে
বেড়াতে যান। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে ইহান। এ সময় নদীর
তীব্র স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও তার
সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পটুয়াখালী
থেকে ডুবুরি এনে শুক্রবার বিকেল ৪টা থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে দীর্ঘ সময় অভিযান
চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে নিখোঁজের স্থান থেকে দূরে
নলটোনা ইউনিয়নের আমতলা এলাকায় তার মরদেহ ভেসে উঠে।
বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, নিখোঁজের পর পরই উদ্ধার
অভিযান শুরু করা হয়। পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে অভিযান চালানো হয়। রবিবার সকাল ৯টার
দিকে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে শিশু ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুদিন ধরে নদীতে নিখোঁজ শিশুকে খুঁজে ফেরার পর মরদেহ উদ্ধারের খবরে স্বজনদের মধ্যে
শোকের ছায়া নেমে এসেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান,
বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আট বছর বয়সি শিশু মো. ইহানের মরদেহ উদ্ধার
করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া
শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ইহানের
দাফন সম্পন্ন করেন।