বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম সাধারণ সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিাবার (৮ নভেম্বর) ডক্টরস মিলনায়তনে সমিতির সভাপতি আলহাজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, চেম্বার সভাপতি আবু বকর সিদ্দিক, সাংবাদিক মোস্তফা কামাল, জেলা বারের সিনিয়র সদস্য অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এবং সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের স্বার্থ ও সুযোগ-সুবিধাকে সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শূন্য হাতে যাত্রা শুরু করেছে। দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সম্মিলিতভাবে সব ধরনের অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ইট প্রস্তুতকারী মালিকরা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। সরকারের কোষাগারে ট্যাক্স ও ভ্যাট দিয়ে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা প্রয়োজনে আমাকে ডাকবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ইটভাটায় বিনিয়োগ করে অনেক উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এসব বিষয় বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ভাটামালিকদের অসহযোগিতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ মো. খালেকুজ্জামান ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এ সময় হাজী ইসরাইল মিয়া উপস্থিত সবার মঙ্গল চান এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
সভায় সমিতির সদস্য, ইটভাটার মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।