× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:১৩ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৫:০০ পিএম

কিশোরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্যবসা-বাণিজ্যে নৈতিকতা প্রতিষ্ঠা, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) ব্যবসায়ী সমাবেশ-২০২৬।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ শহরের সেফরন ডিলাইট রেস্টুরেন্টে আইবিডব্লিউএফ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা অংশ নেন।

জেলা শাখার সভাপতি সোহেল রানা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

সমাবেশে অংশ নেওয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, নৈতিক ব্যবসার চর্চা উৎসাহিত করা এবং শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনায় পবিত্র আল-কোরআনের নির্দেশনা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবসায়িক আদর্শ অনুসরণ করতে হবে। সততা, স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুসৃত নীতিমালা থেকেও শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, ব্যবসার লক্ষ্য কেবল ব্যক্তিগত মুনাফা অর্জন নয়; এর সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণের বিষয়টিও জড়িত। একজন মুসলিম ব্যবসায়ীর ব্যবসায়িক কর্মকাণ্ডে নৈতিকতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে শিল্পের বিকাশ, উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি জরুরি। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিনিয়োগের পরিবেশ সম্প্রসারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার যথেষ্ট সুযোগ রয়েছে।

ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সমস্যা নিয়ে আলোচনা এবং সম্মিলিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব। এ জন্য ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা