প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:৪৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:৪৫ পিএম
৪ ঘণ্টা পর আন্দোলনকারীরা সাময়িকভাবে এ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে এবং সদর উপজেলার অখণ্ডতা রক্ষার দাবিতে ডাকা রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের পক্ষ থেকে কার্যকর সমাধানের আশ্বাস পেয়ে প্রায় ৪ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা সাময়িকভাবে এ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের অনুরোধ জানানো হয়। নেতৃবৃন্দ সেই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন। উদ্ভূত সংকট সমাধানে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসা হবে, যেখানে স্থানীয় সংসদ সদস্যও সরাসরি উপস্থিত থাকবেন।
এর আগে রবিবার সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় জড়ো হয়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ওপর অবস্থান নিয়ে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই সঙ্গে সুলতানপুর-আগরতলা আঞ্চলিক সড়কেও যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।