ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম
ভৈরব রেলস্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন ও উপজেলা গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
এতে দুই পথের অন্তত ৬টি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা কেবিন এলাকায় স্থানীয় বাসিন্দারা রেলপথ ও সড়ক অবরোধ করেন। এর ফলে দেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে অবরোধের কারণে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস (৮১৬)’ ভৈরব রেলওয়ে জংশনে প্রায় ২ ঘণ্টা আটকে থাকার পর সকাল ১১টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী (৭০৪)’ দৌলতকান্দি স্টেশনে এবং ‘সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)’ তালশহর স্টেশনে আটকে থাকে।
অন্যদিকে ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস (৭০১)’ আখাউড়া জংশনে, ‘উপকূল এক্সপ্রেস (৭১১)’ গঙ্গাসাগর স্টেশনে এবং ‘কালনী এক্সপ্রেস (৭৭৪)’ আজমপুর স্টেশনে আটকা পড়ে।
এতে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা ও সিলেটগামী হাজারো যাত্রীর গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষ করে দীর্ঘ সময় ট্রেনে আটকে থাকায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন এবং তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী এই আন্দোলন শুরু করেন। পাশাপাশি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়েও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এসব দাবিতে সকাল থেকেই তারা রেলপথ ও সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে শুধু যাত্রীবাহী ট্রেনই নয়, পূর্বাঞ্চলের সামগ্রিক রেল যোগাযোগব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়ে।
ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে ‘পর্যটক এক্সপ্রেস’-এর লোকোমাস্টার খালেক মিয়া জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ভৈরব জংশনে এসে পৌঁছায় এবং অনিশ্চয়তার মধ্যে আটকা পড়ে থাকে। পরবর্তীতে সিগন্যাল পেলে ১১টা ৫০ মিনিটে ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।
ভৈরব রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে ছেড়ে আসা ৬টি ট্রেন দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে আটকে ছিল। বেলা ১১টা ৫০ মিনিটে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।