জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:২২ পিএম
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজের প্রবেশ ফটকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে অর্ধশতাধিক দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাইয়ে অর্ধশতাধিক দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক
নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজের প্রবেশ ফটকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায়
চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। তিনি ওই এলাকার গোলাম
রব্বানীর ছেলে।
স্থানীয়রা
জানান, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র দৃশ্যধারণ
দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে দর্শকরা আসতে শুরু
করেন। দিনভর সেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়।
সন্ধ্যায়
অনুষ্ঠান শুরুর আগে কলেজের প্রবেশ ফটকে দর্শকদের প্রচণ্ড ভিড় হয়। এ সময় ভিড়ের
মধ্যে একের পর এক দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের
অভিযোগ, সুযোগ বুঝে চোর ও পকেটমার চক্রের সদস্যরা তাদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন
নিয়ে গেছে।
অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো ১০ থেকে ১২ জন দর্শকের সঙ্গে কথা বলে জানা
যায়, তাদের বেশির ভাগই কলেজের প্রবেশ ফটক দিয়ে ভেতরে ঢোকার সময় মুঠোফোন হারিয়েছেন।
সরোয়ার জাহান নামে একজন বলেন, ইত্যাদির দৃশ্যধারণ দেখতে এসেছিলাম। সন্ধ্যার
দিকে লাইনে দাঁড়িয়ে ফটক দিয়ে ঢোকার পর দেখি পকেটে আমার মুঠোফোন নেই।
অনুষ্ঠানের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় প্রায় ২৫০ পুলিশ
সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন রোভার
স্কাউট স্বেচ্ছাসেবক এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক
নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকলেও প্রবেশ ফটকের ভিড়ে মুঠোফোন খোয়া
যাওয়ার ঘটনায় দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ওসি সাইদুল আলম বলেন, ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে
ঠিক কতটি মুঠোফোন চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীদের থানায়
যোগাযোগ করতে বলা হয়েছে। এ পর্যন্ত তিনটির মতো জিডি থানায় হয়েছে। মুঠোফোন চুরির
সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তার কাছ থেকে কোনো মুঠোফোন উদ্ধার করা যায়নি।