রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১২:৫৯ পিএম
২০ টাকার আলু ১১ টাকায়, তবু মিলছে না ক্রেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামে হিমাগারে সংরক্ষিত আলুর দাম কমতে কমতে কেজিপ্রতি ১১ থেকে ১২ টাকায় নেমে এসেছে।
অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২০ টাকারও বেশি। শুধু হিমাগারে সংরক্ষণ করতেই ব্যয় হয়েছে ৯ টাকার বেশি। অর্থাৎ প্রতি কেজি আলু বিক্রি করলেও ৮ থেকে ৯ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। এত কম দামেও মিলছে না ক্রেতা। বাজারে দাম বাড়ার আশায় হিমাগারে আলু রেখে এখন চরম বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় কুড়িগ্রামের ছয়টি হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রীত থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে।
এর সঙ্গে খালি বস্তার সংকট ও বাড়তি দাম এবং হিমাগার ভাড়া বৃদ্ধির কারণে সংরক্ষণ ব্যয়ও
বেড়েছে। মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু ১৪ থেকে ১৭ টাকায় বেচাকেনা হলেও উৎপাদন ও সংরক্ষণ
মিলিয়ে খরচ ছিল ২০ টাকার বেশি। লোকসান এড়াতে অনেক কৃষক ও ব্যবসায়ী দাম বাড়ার আশায় আলু
বিক্রি না করে হিমাগারে রেখে দেন। কিন্তু বাজারে দাম বাড়ার পরিবর্তে ক্রমেই কমতে থাকে।
বর্তমানে পাইকারিতে প্রতি কেজি আলুর দাম নেমে এসেছে ১১ থেকে ১২ টাকায়।
লোকসান মেনে আলু বিক্রি করতে চাইলেও পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না। দাম আরও কমে
যাওয়ার আশঙ্কায় পাইকাররাও হিমাগার থেকে আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না।
অন্যদিকে, হিমাগার থেকে আলু বের করতে গিয়েও বিপাকে পড়ছেন কৃষকরা। যারা হিমাগার থেকে ঋণ ও খালি বস্তা নিয়েছেন, তাদের আলু বিক্রির অর্থ থেকে ভাড়া ও অন্যান্য পাওনা সমন্বয় করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আলু বিক্রির টাকা দিয়ে সব খরচ মেটানো যাচ্ছে না। উল্টো হিমাগারের দায় পরিশোধে ঘর থেকে বাড়তি টাকা এনে দিতে হচ্ছে। ফলেবারবার তাগাদা দেওয়া হলেও অনেক কৃষক আলু বের করতে আগ্রহী হচ্ছেন না।
রাজারহাটের কৃষক আব্দুল্লাহ বলেন, ‘লাভের আশায় আলু হিমাগারে
রেখেছিলাম। এখন কেজি ১১-১২ টাকায় বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। হিমাগার ভাড়া ও
অন্যান্য খরচ যোগ করে লোকসান আরও বাড়ছে।’
একই উপজেলার চাষি রোকন মিয়া বলেন, ‘কৃষক আলু উৎপাদন করতে
ঋণ করেছেন, হিমাগারে রাখতেও খরচ হয়েছে। এখন কম দামে বিক্রি করলে ঋণের টাকা পরিশোধ করাই
কঠিন হবে।’
কুড়িগ্রাম সদরের মেসার্স বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান,
চলতি বছর তাদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ছয়
হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে। এখনো পাঁচ হাজার মেট্রিক টন অবিক্রীত রয়েছে। এর মধ্যে
প্রায় এক হাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব
হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
কুড়িগ্রাম জেলায় ছয়টি হিমাগার রয়েছে। এর মধ্যে সাধারণ
ভোগ্য আলু সংরক্ষণ করা হয় কুড়িগ্রাম সদরের রায়পুর/কৃষ্ণপুর এলাকার মেসার্স বাবর কোল্ড
স্টোরেজ (প্রা.) লিমিটেড, রাজারহাটের রামরতন এলাকার মেসার্স এ হক হিমাগার লিমিটেড,
মীরের বাড়ী এলাকার রাবেয়া কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এবং কুড়িগ্রাম সদরের ক্যাতার
মোড়/কল্যাণ এলাকার মোস্তফা হিমাগার লিমিটেডে। অন্যদিকে, কাঁঠালবাড়ী ইউনিয়নের কালোয়া
এলাকার সেকান্দার বীজ হিমাগার লিমিটেড ও ত্রিমোহনী এলাকার বিএডিসি বীজ হিমাগারে সংরক্ষণ
করা হয় বীজ আলু। রাজারহাটের এ হক হিমাগার, রাবেয়া কোল্ড স্টোরেজ ও সদরের মোস্তফা হিমাগার
থেকেও অবিক্রীত আলুর তথ্য পাওয়া গেছে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা রিমা মনি শীল বলেন, আলুর বাজার
দিন দিন কমে যাচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন,
উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে আলু চাষ করেন। একই সময়ে বেশি উৎপাদন
হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে গিয়ে দাম কমে যায়। বর্তমানে হিমাগারে থাকা আলুর সঠিক ব্যবস্থাপনা
করা গেলে বাজারদর বাড়তে পারে। এতে কৃষকদের ভোগান্তি কমবে এবং হিমাগারে থাকা আলু নষ্ট
হওয়ার আশঙ্কাও কমবে।