× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ০৯:৪১ এএম

ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: ফেসবুক থেকে

ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: ফেসবুক থেকে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

রবিবার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়েছে। সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এছাড়া কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেসও নিরাপত্তাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে দুই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা বলছেন, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, ছয়টি গ্রামকে আগের মতো অখণ্ড বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে দিতে হবে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল- এই তিনটি ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।

তাদের দাবি, এ উদ্যোগের পেছনে রয়েছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, জানমালের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, সে জন্য ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা