চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২২:১৪ পিএম
বাঁশখালীর কালীপুর এলাকায় রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও মাহফিলে বক্তব্য রাখেন এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জ্ঞান মানুষকে সত্য-মিথ্যা এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায় বলে মন্তব্য করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
তিনি বলেন, জ্ঞানের মাধ্যমেই মানুষ নিজেকে চেনার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও চিনতে পারে। নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি, যাতে তারা কোনোভাবেই বিপথে পরিচালিত না হয়।
শনিবার দুপুরে বাঁশখালীর কালীপুর এলাকায় রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জহিরুল ইসলাম বলেন, জ্ঞান ছাড়া সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায় এবং ভালো ও মন্দের পার্থক্য অনুধাবন করা সম্ভব নয়। জ্ঞান মানুষকে আলোকিত করে, বিবেক জাগ্রত করে এবং সঠিক পথে চলার দিকনির্দেশনা দেয়। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন-অগ্রগতিতেও জ্ঞানের ভূমিকা অপরিসীম বলে।
তিনি আরও বলেন, একটি আদর্শ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বার্ষিক সভা ও মাহফিলে আরও বক্তব্য দেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ, অধ্যক্ষ আজিজুল ইসলাম, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মীর আহমদ আনছারী ও মাওলানা মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের একপর্যায়ে এমপি নির্মিতব্য মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। শেষ পর্যায়ে মাদরাসার কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।