সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক
সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২১:৪১ পিএম
সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের লালপুর এলাকার সেতুর সংযোগ সড়ক প্রশস্তকরণ প্রকল্প। কাজ শেষের আগেই গার্ডওয়ালে ফাটল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের লালপুর এলাকার সেতুর সংযোগ সড়ক প্রশস্তকরণ, গার্ডওয়াল নির্মাণ ও ব্লক স্থাপনের কাজ করছে সড়ক বিভাগ। এই নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন স্থানীয় এমপি নূরুল ইসলামের কাছে।
এর পরিপ্রেক্ষিতে এমপি সম্প্রতি সরেজমিনে গিয়ে নির্মাণকাজে অনিয়ম দেখতে পেয়ে ঠিকাদারকে ভৎসনা করেন। সড়ক বিভাগকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন তিনি।
জানা যায়, ৮৭ কোটি টাকার ব্যয়ে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের কাজ করছেন ঠিকাদার শফিকুল ইসলাম। এদিকে, গত বুধবার দুপুরে ফের সড়ক বিভাগের প্রকৌশলী, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে এমপি নির্মাণকাজ এলাকা পরদর্শনে করেন। এ সময় তিনি বলেন, একটি অনুষ্ঠান থেকে যাওয়ার পথে এলাকাবাসী আমাকে দাঁড় করিয়ে নির্মাণকাজে অনিয়মের বিষয়টি তুলে ধরেন। তখন দেখতে পাই সড়কের সদ্য নির্মিত গার্ডওয়াল হেলে পড়েছে। ব্লক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। নিম্নমানের ব্লক ব্যবহার করা হচ্ছে। ভিট বালুর বদলে কৃষি জমির মাটি ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, এই সড়কটি হাওরের চারটি উপজেলার চলাচলের একমাত্র সড়ক। নির্মাণে অনিয়মের কারণে সড়কটি ধ্বসে পড়লে আমার এলাকার মানুষ অশেষ ভোগান্তি পড়বে। তাই আমি নির্মাণ কাজ বন্ধ করে অনিয়ম তদন্তে সড়ক বিভাগকে নির্দেশ দিয়েছি। ঠিকাদারকে ভৎসনা করেছি। কিন্তু এক ঘণ্টা যেতে না যেতেই স্বরষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজ অভিযোগ তোলা হয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এমপির উত্থাপিত অভিযোগগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি আরও বলেন, এখানে মাটির প্রেসার বেশি থাকায় গার্ডওয়াল হেলে গেছে। উল্লেখ্য, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের লালপুর-সালামপুর এলাকায় তিনটি সেতুর সংযোগ সড়ক উঁচুকরণসহ বিভিন্ন সংস্কার কাজ ৮৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে সড়ক বিভাগ। বিগত সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হয়।