পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২০:৪৭ পিএম
পঞ্চগড় জেলা শহরের এলজিইডির একটি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ইট বিছিয়ে প্রায় ২০ লাখ টাকা খরচ করেছে পঞ্চগড় পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পঞ্চগড় জেলা শহরের এলজিইডির একটি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ইট বিছিয়ে প্রায় ২০ লাখ টাকা খরচ করেছে পঞ্চগড় পৌরসভা। নতুন করে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় সেই ইট আবার তুলে ফেলা হচ্ছে।
অন্যদিকে তুলে ফেলা ইটের মালিকানা দাবি না করে এলজিইডিকে নো অবজেকশন (অনাপত্তিপত্র) দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতে সরকারি অর্থের অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ২০২৫ সালের শুরুতে উচ্ছেদ করে জেলা প্রশাসন। পরে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়। একই বছর দুই পাশে প্রশস্ত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে জেলা পরিষদ। তবে বর্ষায় ড্রেনের পাশের সড়কে পানি জমে কাদার সৃষ্টি হলে বালু ছিটিয়ে তার ওপর ইট বিছিয়ে দেয় পৌরসভা।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পঞ্চগড় বাজারের শ্যামলী বাস কাউন্টার থেকে বানিয়াপাড়া কালভার্ট পর্যন্ত প্রায় ৪২০ মিটার সড়কের উভয় পাশে হার্ডশোল্ডার উন্নয়ন প্রকল্পটির ব্যয় ধরা হয় ১৯ লাখ ৮৫ হাজার ৮৮৮ টাকা। একই বছরের ১৫ ডিসেম্বর দরপত্র আহ্বানে কাজটি পায় মেসার্স রাইসা এন্টারপ্রাইজ। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারির কার্যাদেশ অনুযায়ী ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২০২৬ সালের ৩০ জুলাই কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে ২ কোটি ২৫ লাখ ৮ হাজার ২৮৫ টাকা ব্যায়ে সড়কটি ১০ ইঞ্চি পুরু আরসিসি করার উদ্যোগ নিয়েছে এলজিইডি। কাজটি বাস্তবায়ন করছে এমএস তানিয়া কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজও শুরু হয়েছে। ফলে পৌরসভার বিছানো ইট তুলে ফেলা হচ্ছে। ইটগুলো সেলভেজ বা উদ্ধার হিসেবে দেখিয়ে এলজিইডিকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা।
স্থানীয় বাসিন্দা আজহারুল ইসলাম জুয়েল বলেন, এগুলো হচ্ছে লুকোচুরি খেলা। নিজেদের উন্নয়ন না করে অন্যের সড়কে কেন ইট বিছিয়ে বাহ্বা নিতে গেছে।
পঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে বলেন, এলজিইডি কবে কাজ শুরু করবে তার নির্দিষ্ট সময় জানা না থাকায় সাবেক জেলা প্রশাসকের নির্দেশনায় সড়কের দুই পাশে ইট বিছিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।
পঞ্চগড় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্য বলেন, পৌরসভার সঙ্গে আলোচনা করেই ইটগুলো সেলভেজ বা উদ্ধার হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে তাদের মৌখিক ও লিখিত অনাপত্তি রয়েছে। এখন এটি আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ হবে।