পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২০:৪২ পিএম
পিরোজপুর জেলা হাসপাতালে ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই লাকি বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বজনরা ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলার অভিযোগ তুলেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মৃত লাকি বেগম পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। তার চার মাস বয়সী শিশুসহ তিনটি সন্তান রয়েছে।
স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বুকে ও পেটে ব্যথা নিয়ে লাকিকে হাসপাতালে নেওয়া হয়। তার সঙ্গে থাকা ননদ সোনিয়া জানান, লাকি পাঁচ থেকে ছয়বার পায়খানা করেছেন বলে কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছিলেন। পরে তাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়।
সোনিয়ার অভিযোগ, ওয়ার্ডে একটি ইনজেকশন দেওয়ার দুই মিনিটের মধ্যেই লাকি জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি নার্সদের জানালে তারা রোগী ঘুমাচ্ছেন বলে জানান। বারবার পরীক্ষা করার অনুরোধ করলেও তারা গুরুত্ব দেননি। পরে রাত ৮টার দিকে শিফট পরিবর্তনের সময় দায়িত্ব নিতে আসা নার্সরা লাকিকে মৃত অবস্থায় দেখতে পান।
ওয়ার্ডে থাকা প্রত্যক্ষদর্শী মিলি বেগম বলেন, তীব্র ব্যথায় লাকি চিৎকার করছিলেন। পরে নার্সরা এসে ইনজেকশন দিয়ে জানান, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর তারা দেখতে পান, লাকি আর শ্বাস নিচ্ছেন না।
লাকির চিকিৎসা দেওয়া জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্বাগত হালদার বলেন, তীব্র বুকে ব্যথা নিয়ে লাকিকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। ব্যথা কমাতে প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে ব্যথানাশক ইনজেকশনসহ কয়েকটি ওষুধ দেওয়া হয়। তবে পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। রোগীকে যথাযথ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, রোগীকে দেওয়া ওষুধগুলোর মেয়াদ ছিল। চিকিৎসায় ভুল বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দেওয়া হবে।