ছবি: ভিডিও থেকে নেও
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিএনপির কর্মসূচিতে মাইকে বাজানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও। পুলিশ বলছে, অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল।
শনিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকার মতো আগ্রাবাদেও বিএনপির কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের উদ্যোগ নিয়েছিল চট্টগ্রাম নগর বিএনপি। তবে একপর্যায়ে মাইকে বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সাল বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই এক পর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। পাশের সড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সারা দিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তাঁর জানা নেই। তবে কারা গানটি বাজিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবেন।
দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।