রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম
রামপালে সরকারি খালের জায়গা ভরাট করে সেখানে রাস্তা, ট্রাক স্ট্যান্ড নির্মাণের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রামপালে সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে দুবাই বাংলাদেশ সিমেন্ট কারখানার বিরুদ্ধে। উপজেলার তেঁতুলবাড়িয়ায় দুটি খালের প্রায় ১ একর ১০ শতক জমি ভরাট করে দখল করার তথ্য পাওয়া গেছে ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে।
খালের জায়গা ভরাট করে সেখানে রাস্তা, সীমানাপ্রাচীর, ট্রাক স্ট্যান্ড ও ট্রাক মেরামতের ঘর নির্মাণের পাশাপাশি নারকেল ও কলাগাছ লাগানো হয়েছে।
জানা গেছে, বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বছরের ১ নভেম্বরে সংশ্লিষ্ট পক্ষকে নোটিস দিয়ে সরেজমিন তদন্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। তদন্তে তেঁতুলবাড়িয়ায় দুটি সরকারি খালের অস্তিত্ব পাওয়া যায়।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১১২ নম্বর দাগের খালের পূর্বপাশ থেকে প্রায় ৩৯ ফুট চওড়া ও ৮৪০ ফুট লম্বা অংশ ভরাট করা হয়েছে। এতে প্রায় ৪৩ শতক সরকারি জমি ভরাট করে ট্রাক স্ট্যান্ড ও ট্রাক মেরামতের ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি লাগানো হয়েছে নারকেল ও কলাগাছ।
অন্যদিকে ১৪৮ নম্বর দাগের সরকারি খালের পূর্বপাশ থেকে প্রায় ৪২ ফুট চওড়া ও ৬৯৪ ফুট লম্বা অংশ ভরাট করে প্রায় ৬৭ শতক জমি দখল করে রাস্তা ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি নারকেল ও কলাগাছও লাগানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সিমেন্ট কারখানাটি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ১১২ নম্বর দাগের ৩৩ শতক এবং ১৪৮ নম্বর দাগের ৬৭ শতকসহ ১ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠিয়েছিল। তবে ওই প্রস্তাবের সর্বশেষ অবস্থা জানা যায়নি।
এ ছাড়া প্রতিষ্ঠানটি গত বছরে বাগেরহাটের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ১০/২০২৫ নম্বর আপিল মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন সংক্রান্ত কাগজপত্র দাখিল করে। তবে ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই নিষেধাজ্ঞা সংক্রান্ত কাগজপত্রে ১১২ ও ১৪৮ নম্বর দাগের সরকারি খালের জমির উল্লেখ পাওয়া যায়নি। সরেজমিন তদন্ত শেষে খাল দুটি দখলমুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, সরকারি খাল ও খাসজমি সংক্রান্ত বিষয়টি ভূমি অফিসের নজরে এসেছে। সরেজমিন তদন্ত করে রেকর্ডপত্র পর্যালোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।