পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:২৭ পিএম
পটিয়ার ধলঘাট ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শুক্রবার সচেতনতামূলক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শুক্রবার সচেতনতামূলক নাগরিক সমাবেশ গৈড়লার টেক এলাকায় অনুষ্ঠিত হয়।
ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ সোলাইমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম; প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ওসি (তদন্ত) জুজুৎসু যশ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের শান্তি-শৃঙ্খলা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম সিকদার, নাজমুল ইসলাম, সেলিম জাবেদ চৌধুরী, সেলিম চৌধুরী ও রহিম উল্লাহ; যুবদল নেতা জুয়েল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদ উদ্দিন সাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর, ছাত্রদল নেতা তামজিদ উদ্দিন, সৈয়দ নূরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।