খুলনা অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:১৮ পিএম
খুলনা নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোতে একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সর্বশেষ নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে ৮-৯ জনের একটি দল চায়নিজ কুড়াল দিয়ে প্রতিষ্ঠানটির রিসেপশন কাউন্টার, এসি ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় রিসেপশনে থাকা এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা ৮-৯ জন যুবক হঠাৎ প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর তারা চায়নিজ কুড়াল দিয়ে ভাঙচুর শুরু করে। হামলার সময় সেখানে পরীক্ষা-নিরীক্ষা করতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রিসেপশনে থাকা এক নারীর মোবাইল ফোন নিয়ে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন করে দুর্বৃত্তরা জানতে চায়, তিনি নুর আজিমকে চেনেন কি না। এর পরই তারা এসে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তারা নুর আজিমের অনুসারী একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এর আগে গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরও আগে ২৪ অক্টোবর সন্ধ্যায় বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। একই প্রতিষ্ঠানের সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণির সন্ধানী মেডিকেয়ার হাসপাতালেও ভাঙচুর করা হয়।