শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা নিয়ে হট্টগোল। ছবি: সংগৃহীত
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে ব্যানারে তার ছবি সাঁটিয়ে অনুষ্ঠান শুরু হলেও এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করায় দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় এ আলোচনা সভা হওয়ার কথা ছিল। তবে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী মঞ্চে ওঠেননি। পরে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা ব্যানারে কসটেপ দিয়ে জিয়াউর রহমানের ছবি-সংবলিত একটি পোস্টার সাঁটালে অনুষ্ঠান শুরু হয়। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সভা শুরু হয়।
আলোচনা সভায় জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ইসলাম উত্তেজিত হয়ে ডায়াসের দিকে তেড়ে যান। পরে ওই বক্তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানার তৈরি করা হয়েছিল। এ ত্রুটির জন্য তিনি সবার সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
অনুষ্ঠানের বিভিন্ন ত্রুটি ও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিষয়টি ইচ্ছাকৃত কি না, তা তদন্ত করে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
তাদের অভিযোগ, দীর্ঘ ১৯ বছর পর দিবসটি পালন করা হচ্ছে। অথচ শহীদ জিয়াউর রহমানের ছবি ছাড়া ব্যানার তৈরি করা অত্যন্ত বেদনাদায়ক এবং প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চক্রান্তের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ অনেকে বক্তব্য দেন।