বরিশাল ও সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:১৫ পিএম
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল ও সুনামগঞ্জে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বরিশাল : বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে আতিকুল ইসলাম রাব্বি নামের যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন।
শনিবার দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় একদল তরুণকে ছোটাছুটি করতে দেখা যায়। এতে সমাবেশস্থলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় দশজন আহত হয়েছেন। শনিবার দুপুরে জামালগঞ্জ থানার সামনের সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ।
মিছিল দুটি একপর্যায়ে জামালগঞ্জ থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ১০ জন আহত হন। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।