দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:০২ পিএম
দেবহাটার পারুলিয়া ফুটবল ময়দানে মাদকবিরোধী র্যালির আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালির আগে ঐতিহ্যবাহী পারুলিয়া ফুটবল ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক, কবি, সাহিত্যিক ও গবেষক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও ক্যানসার বিশেষজ্ঞ ডা. এসএম সরওয়ার, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা থানার প্রতিনিধি শহর আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ আব্দুল কাদের মহিউদ্দিন।
আলোচনা সভা শেষে অতিথিরা সাইকেলে চড়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালিটি দেবহাটার কুলিয়া, কোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, দেবহাটা সদর, নওয়াপাড়া, হাদীপুর, গাজীরহাট বাজার, চাঁদপুর ও সখিপুর হয়ে পারুলিয়া বাজারে ফেয়ার মিশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মাদকবিরোধী এ ব্যতিক্রমী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।