নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:০১ পিএম
নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘আজকের বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান। ৭ নভেম্বরই এই ভিত্তি স্থাপিত হয়। বাংলাদেশের এগিয়ে যাওয়া পথে বারবার বাধা গ্রস্ত হয়েছে। এদেশের জন্য এ. জি. ওসমানী, জিয়াউর রহমান, মাওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমান তাঁদের যে অবদান আমরা বাংলাদেশের মানুষ তা অস্বীকার করতে পারবো না।’
শনিবার সকালে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
হুইপ আরও বলেন, সত্যিকারের ইতিহাস লিখতে হবে। বারবার এই ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এতে করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। আমাদের পিছনে তাকানোর সুযোগ নাই। প্রতিহিংসার রাজনীতি, আক্রমনের রাজনীতি আমরা করতে চাইনা। আমরা চাই দেশের স্বার্ভমৌত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।
নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সদর উপজেলা মিলনায়তনে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।
অন্যদিকে, সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।
এরপর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতা ও বাবুল চৌধুরী এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
দিবসটি উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সংগীতানুষ্ঠানের আয়োজন করে। শিশু একাডেমি আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলা তথ্য অফিস প্রদর্শন করে প্রামাণ্য চলচ্চিত্র। এ ছাড়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি সরকারি হাসপাতাল, কারাগার ও শিশু সদনে উন্নত খাবার পরিবেশন করা হয়।