বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৬:২১ পিএম
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ সংলগ্ন হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরীফের সিন্দুক ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ সংলগ্ন হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরীফের সিন্দুক ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে কোনো এক সময়
অজ্ঞাত দুর্বৃত্তরা মাজার শরীফের সিন্দুকের তালা ভেঙে এবং শিকল কেটে এ চুরি করে। এ
ঘটনায় স্থানীয় মুসল্লি, দর্শনার্থী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি
হয়েছে।
শনিবার ফজরের নামাজের পর
মাজারের খাদেম ও স্থানীয় মুসল্লিরা সিন্দুকটি ভাঙা অবস্থায় দেখতে পান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৪টার মধ্যে
কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা জানান,
সর্বশেষ গত ১৫ অক্টোবর, উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মসজিদ ও মাজার
কমিটির মাধ্যমে সিন্দুকটি খোলা হয়েছিল। সে সময় সিন্দুক থেকে দুই লাখ টাকার বেশি
পাওয়া যায়। এরপর ২২ দিনে সিন্দুকে আনুমানিক আরও এক লাখ টাকার মতো জমা হতে পারে বলে
স্থানীয়দের ধারণা। তবে চুরি হওয়া অর্থের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব
হয়নি।
উল্লেখ্য, ঐতিহাসিক বাঘা
শাহী মসজিদ ও হযরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরীফ রাজশাহীর বাঘা উপজেলার অন্যতম
প্রাচীন ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য
দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এ স্থানে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয়
স্থাপনায় চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার
ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, “চুরির ঘটনাটি শুনেছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু
তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাজার শরীফের নিরাপত্তা
ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।