মাশরুর মুর্শেদ, খুলনা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৩৩ পিএম
খুলনা নগরীর কেডিএ এভিনিউ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার নিরালা মোড়ে কয়েক দশক ধরে ছিল ময়লার ভাগাড়। সেই ভাগাড় সরিয়ে লাগানো হয়েছিল সারি সারি গাছ। দেয়ালে দেয়ালে গ্রাফিতি, ঝকঝকে সড়ক, দখলমুক্ত ফুটপাত সব মিলিয়ে বদলে গিয়েছিল চেনা শহরের চেহারা।
নগরবাসীর কেউ তুলনা করেছেন সিঙ্গাপুরের সঙ্গে, কেউ আবার রসিকতা করে বলেছেন, খুলনাকে দেখতে বুঝি পাত্রপক্ষ আসছে। কিন্তু সেই মুগ্ধতা স্থায়ী হয়নি বেশি সময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষ হওয়ার পর কেডিএ এভিনিউ সড়ক ফিরে এসেছে তার পূর্বাবস্থায়। দেখা গেল সেই আগের ময়লার স্তূপ। এতে নগরবাসীর প্রশ্ন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজানো পরিচ্ছন্ন খুলনা কি শুধুই সাময়িক আয়োজন?
সামাজিক যোগাযোগমাধ্যমেও নগরীর সাজসজ্জা নিয়ে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। জীবনে খুলনাকে এত সুন্দর দেখেননি বলে মন্তব্য করেছেন হাসান বাপ্পি। সকালে মায়ের সঙ্গে বেরিয়ে পরিচ্ছন্ন শহর দেখে তার মনে হয়েছে, যেন সিঙ্গাপুরের কোনো সড়কে হাঁটছেন তিনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রত্যাশা করেন, অন্তত দুই মাস পরপর তিনি যেন খুলনায় আসেন। তবে তার মতো অনেকের মনেই আনন্দের পাশাপাশি প্রশ্ন উঠেছে, কয়েক দিনের জন্য শহর পরিচ্ছন্ন করা সম্ভব হলে এত দিন তা করা হয়নি কেন?
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খুলনা সফর এবং খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরীর এই পরিবর্তন আসে। দীর্ঘদিনের ময়লার ভাগাড় নিরালা মোড় পরিষ্কার করে সেখানে রোপণ করা হয় সারি সারি গাছ। গাছের সুরক্ষায় দেওয়া হয় নেট। গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কারের পাশাপাশি বিভিন্ন স্থানে ফুটপাত দখলমুক্ত করা হয়।
নিরালা মোড়ের পরিবর্তন দেখে বিস্ময় প্রকাশ করেন মৃত্তিকা বিশ্বাস। তিনি বলেন, এ কোন জায়গায় এলাম! চিনতেই পারছি না। রাস্তায় ভাত-ডাল খাওয়া যাবে। প্রধানমন্ত্রী যদি বছরে একবার খুলনায় আসতেন, তাতেও মন্দ হতো না বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর ঘন ঘন খুলনা সফরের প্রত্যাশা জানিয়েছেন মাকসুদা ইয়াসমিনও। নিরালার ময়লার ভাগাড়ে অভ্যস্ত একটি গরুর দুরবস্থার কথাও রসিকতার সঙ্গে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, যে জায়গাটি ছিল গরুটির প্রতিদিনের পরিচিত আবাস, সেটি পরিচ্ছন্ন হয়ে যাওয়ায় এখন সে বিপাকে পড়েছে।
‘Nila's Diary’ নামের একটি ফেসবুক পোস্টে রসিকতা করে লেখা হয়, খুলনার সাজগোজ আর পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে মনে হচ্ছে, আজ পাত্রপক্ষ খুলনাকে দেখতে আসছে। খুলনার আজ বিয়ে।
তবে এই সাজসজ্জার স্থায়িত্ব নিয়ে দ্রুতই প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর সফরের পর কেডিএ এভিনিউ সড়কের শেখপাড়া, ময়লাপোতার মোড়, পিটিআই ও মডার্ন মোড়ের মাঝামাঝি একটি স্থানে আবারও ময়লা-আবর্জনা জমতে দেখা গেছে। আগে মাটি দিয়ে ভরাট করে পরিচ্ছন্ন করা জায়গাটিতে আবার আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার স্তূপ ছড়িয়ে পড়েছে সড়ক পর্যন্ত।
স্থানীয়রা জানান, জায়গাটি পরিচ্ছন্ন করা হয়ে ছিল। ভরাট করা হয় মাটি দিয়ে। কিন্তু সেখানে আবার ময়লা ফেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম কতটা স্থায়ী হবে, তা নিয়ে যে আশঙ্কা ছিল, এই দৃশ্য সেই প্রশ্নই সামনে এনেছে।
সালাম আল খায়ের বলেন, প্রথমে জায়গাটিকে সিঙ্গাপুর ভেবেছিলেন তিনি। পরে বাংলায় লেখা ঠিকানা দেখে বুঝতে পারেন, এটি নিরালা মোড়। কয়েক দশকের ভাগাড়ের এমন পরিবর্তনে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
শুধু নিরালা মোড় নয়, শিববাড়ি মোড় থেকে খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। এসব চিত্রে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস-ঐতিহ্য, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। এ ছাড়া কেডি ঘোষ রোড, হাজি মহসিন রোড ও লোয়ার যশোর রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার করা হয়। ক্রীড়া আয়োজন উপলক্ষে সাজানো হয় জেলা স্টেডিয়াম ও আশপাশের এলাকাও।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহরজুড়ে অযাচিত তোরণ, পোস্টার, ব্যানার কিংবা বিলবোর্ডের আধিক্য না থাকাও নজর কেড়েছে নগরবাসীর। আবু হানিফ মুসাল্লি বলেন, নেতার আগমন মানেই শহরজুড়ে পোস্টার-ফেস্টুনের মেলা। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। এবার খুলনা যেন সেই জঞ্জাল থেকে মুক্ত।
আহমেদ শোভনের কথায়, প্রধানমন্ত্রী আসছেন অথচ শহরের কোথাও ব্যানার নেই এটাই তারা চেয়েছিলেন।
জিএইচকে কাফির প্রশ্ন, এত অল্প সময়ে একটি জায়গা সুন্দর করা গেলে পুরো খুলনাকে কেন নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা যাবে না? সদিচ্ছা থাকলে কেসিসির উদ্যোগেই পুরো শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
নগরবাসীর প্রত্যাশা, পরিচ্ছন্ন শহর পেতে তাদের আর কোনো বিশেষ অতিথির আগমনের অপেক্ষায় থাকতে হবে না। এ বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বার্তা ধারণ করে খুলনাকে স্বস্তিদায়ক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলবে। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না। রাস্তা ও ফুটপাত থাকবে জনগণের জন্য।
নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, প্রশাসকের এই ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। নগরবাসী চান, প্রধানমন্ত্রী থাকুন বা না থাকুন, নিরালা মোড় যেন আবার ভাগাড়ে পরিণত না হয়, ফুটপাত যেন দখলদারদের নিয়ন্ত্রণে না যায়।