× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯টি অবৈধ রেলক্রসিং

যশোরে দুর্ঘটনায় একদশকে মৃত্যু ৭৫ জন

তরিকুল ইসলাম মিঠু, যশোর

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:০৭ পিএম

যশোরের পুলের হাট কৃষ্ণ বাটি মাদিয়া গেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের পুলের হাট কৃষ্ণ বাটি মাদিয়া গেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে ৯৯টি অবৈধ রেলক্রসিংয়ে এক দশকে দুর্ঘটনায় মারা গেছেন ৭৫ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েক শ। তারপরেও থেমে নেই চলাচল।

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই এ সব অবৈধ রেলক্রসিং দিয়ে পার হচ্ছেন হাজার হাজার মানুষ।

অভিযোগ রয়েছে, শিল্পনগরী নোয়াপাড়ার বিভিন্ন ঘাটে মালামাল লোড-আনলোড করার জন্য যশোরের রেলের ইঞ্জিনিয়ার ও সার্ভেয়রকে মোট অঙ্কের টাকা দিয়ে অবৈধ রেলক্রসিং তৈরি করা হয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বহু মানুষ হতাহত হচ্ছেন।

রেল কর্মকর্তাদের দাবি, বিভিন্ন দপ্তর ও স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে অবৈধ রেলক্রসিং বাড়ছে। অন্যদিকে, এলজিইডির অভিযোগ, গেটম্যান নিয়োগের বিষয়ে রেল বিভাগকে চিঠি দিয়েও কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। দুই দপ্তরের এই টানাপড়েনে নিরাপদ পারাপার নিশ্চিত না হওয়ায় পথযাত্রীদের ফেলেছে ঝুঁকিতে।

জেলার বিভিন্ন এলাকায় ট্রেন আসার আগাম সংকেত, গেটবার কিংবা গেটম্যান কোনো কিছুই নেই রেলক্রসিংয়ে। কোথাও আবার সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও তার লেখা অস্পষ্ট। আধুনিক সিগন্যালব্যবস্থার অভাবে অনেক ক্ষেত্রে গেটম্যানদের ফোনে যোগাযোগের ওপর নির্ভর করতে হয়। যোগাযোগে বিঘ্ন ঘটলে ট্রেন আসার আগাম তথ্য সময় মতো না পাওয়ায় ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এ কারণে গেটবার ও গেটম্যান থাকার পরেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, যশোর জেলার ওপর দিয়ে যাওয়া তিনটি রেলপথের অংশে থাকা ১৭৭টি ক্রসিংয়ের মধ্যে ৯৯টি অবৈধ বা অনুমোদনহীন। বৈধ ৭৮টির মধ্যে ৩৪টিতে নেই গেটম্যান। বেজেরডাঙ্গা-যশোর ক্যান্টনমেন্ট সেকশনে ৫৮টি এবং যশোর-বেনাপোল সেকশনে চারটি ক্রসিং বাদে আরও ৪১টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। 

এসব স্থানে গেটবার না থাকায় ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন পথচারীরা ছাড়াও নানা ধরনের যানবাহন।

এলজিইডির তথ্য অনুযায়ী, যশোর জেলায় তাদের আওতাধীন ৪০টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৩৪টি অবৈধ। এর মধ্যে যশোর সদরে ১৪টির মধ্যে আটটি অবৈধ। এ ছাড়া অভয়নগরে ৩টি, ঝিকরগাছায় ১৪টি ও শার্শায় ৯টি অবৈধ ক্রসিং রয়েছে।

 গত ২৬ সেপ্টেম্বর যশোর সদরের কৃষ্ণবাটি লেভেল ক্রসিংয়ে বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী মারা যান। এর আগে ১০ মে অভয়নগরের ভাঙাগেটে কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ট্রাকচালক মনোয়ার হোসেন মারা যান। এ দুর্ঘটনায় ট্রাকের হেলপার রায়হান পঙ্গু হয়ে গেছেন। এরপর পর বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে যশোরে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

 যশোরের খড়কি রেলগেটের গেটম্যান সুকান্ত সিংহ বলেন, আমরা এখানে তিনজন ডিউটি করি। আট ঘণ্টা করে শিফটিং ডিউটির মাধ্যমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হয়। আমি সকাল ৬টায় ডিউটি শুরু করেছি, দুপুর ২টায় শেষ করবো। ট্রেন চলাচলের তথ্য পেতে এক গেট থেকে অন্য গেটে ফোন করে জানানো হয়। কোনো গেটকিপার ট্রেনের খবর দিতে ভুল করলে বা কল করতে বা রিসিভ করতে না পারলে পরবর্তী গেটে ট্রেনের আগমনের তথ্য নাও পৌঁছাতে পারে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। আমাদের সিগন্যালের ব্যবস্থা খুবই দুর্বল এবং সেকেলে। আমরা ফোনের ওপর এখনো নির্ভরশীল। ফোনে চার্জ না থাকলে বা নেটওয়ার্কের সমস্যায় কল না এলে ট্রেনের খবর না পওয়ার আশঙ্কা থাকে। তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে শতভাগ।

যশোর-দর্শনা রেলপথে যশোর শহরের খড়কি এলাকায় আধা কিলোমিটারের মধ্যে সাতটি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে মাত্র একটি বৈধ। খড়কি ধোপাপাড়ার সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। এই সড়কের পাশে রয়েছে খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। স্থানীয়দের ভাষ্য, এলজিইডি সড়ক নির্মাণের সময় এসব ক্রসিংয়ের সৃষ্টি হয়েছে। রেল ও এলজিডি কর্তৃপক্ষের রেষারেষিতে এ স্কুলের শিক্ষার্থীরা জীবনের শঙ্কা নিয়ে রাস্তা পারাপার হয়ে থাকে।

খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল ইমরান বলেন, বিদ্যালয়ের পাশে থাকা অবৈধ রেলক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিন শতাধিক শিক্ষার্থী নিয়মিত এই সড়ক ও ক্রসিং দিয়ে যাতায়াত করে। বিকল্প পথ না থাকায় শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়।

পুলের হাট কৃষ্ণ বাটি মাদিয়া গেটের পাশের বাড়ি মালিক জাফর জানান, গেটে গেটমেন্ট না থাকায় এখানে মৃত্যুঝুঁকি বাড়িয়েছে। তেমনই যানবাহন চালক ও পথযাত্রীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। গেটের দুই প্রান্তে দুইটা  অস্পষ্ট সতর্কবাণী দেওয়া আছে। সেটাও মানুষের দৃষ্টিগোচর হয় না। তাই ট্রেন আসা-যাওয়ার সময় স্থানীয় লোকজনই চেক দেয়। গত মাসে রেল পার হওয়ার সময় একটি ইজিবাইক ট্রেনের সামনে  পড়ে বাইকের চালক এরশাদ ও যাত্রী আজিজুল দুজনই মারা যান বলে জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের যশোরের সহকারী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ চাঁদ বলেন, বিভিন্ন সময়ে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেল বিভাগের অনুমোদন ছাড়াই লেভেল ক্রসিং তৈরি করেছে। যে কারণে দিন দিন দুর্ঘটনার বাড়ছে। তবে রেললাইনের দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। পথচারীরা সতর্ক হলে দুর্ঘটনা অনেকাংশেই কম হবে বলে জানান এ কর্মকর্তা। তাছাড়া দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ের আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে ‘অপ্রয়োজনীয়’ ক্রসিং বন্ধের উদ্যোগ নেওয়া পরিকল্পনা হচ্ছে। একই সঙ্গে এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কিংবা পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ ক্রসিং বৈধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান বলেন, রেলক্রসিংগুলো নিয়ে জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য এলজিইডির প্রধান কার্যালয়ের রক্ষণাবেক্ষণ ইউনিটে পাঠানো হয়েছে। রেললাইনের পাশ দিয়ে কোনো সড়ক থাকলে তা উন্নয়নের সময় রেলের জায়গা বাদ দিয়ে কাজ করার অনুরোধ করা হয়েছে। সড়ক নির্মাণের সময় রোড সেফটি, রাম্বল স্ট্রিপ ও বিভিন্ন ধরনের সতর্কতামূলক সাইনবোর্ডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে  কি করতে হবে তা নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত গৃহীত হলে সেগুলো বাস্তবায়ন করা হবে।

যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক রুহুল আমিন বলেন, সরকারী দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এর ফলে অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা বাড়ছে। এতে মানুষ জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা