চুয়াডাঙ্গা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৩:৩৮ পিএম
বিএসএফের গুলিতে আহত নিরুল ইসলাম (ইনসেটে), চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৬১/১-এস-এর নিকট এ ঘটনা ঘটে।
৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছ থেকে গুলির শব্দ শুনতে পান বিজিবি সদস্যরা। পরে মেদিনীপুর ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাল্টা ফায়ার করে।
স্থানীয়রা বলছেন, কয়েকজন বাংলাদেশি নাগরিক স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুল ইসলামের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পাশের খালে ঝাঁপ দিয়ে পালিয়ে আসেন। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের।
আহত মনিরুল ইসলাম জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে। তবে তিনি বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি।
মনিরুলের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা হলেন কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মৃত বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) এবং মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, “সীমান্তে গুলির ঘটনার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাইনি”।
তিনি আরও বলেন, “আমরা ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ সম্পন্ন হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হবে”।