জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম
ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের মেলান্দহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ মাস বয়সি এক শিশুর রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ পৌরসভার শিমুলতলা গেটসংলগ্ন এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম মাহমুদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী দুজনসহ আহত অটোরিকশাচালকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত অন্যদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছুসময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি মাহমুদুল হক বলেন, “সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘাতক ট্রাকসহ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে”।