চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১০:২২ এএম
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে ২ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলক্রসিং পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোছা. সোহানা (৪৫) ও মো. ইস্রাফিল (৬০)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আফসার প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে বাকশিমুল সিনিয়র মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৫ জন যাত্রী নিয়ে তিশা পরিবহনের একটি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রেলক্রসিং অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই সোহানা ও ইস্রাফিল মারা যান।
ওসি মো. নুরুল আফসার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।