প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৪৮ এএম
দুর্ঘটনায় নিহত মো. তরিক। ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মতলব দক্ষিণের যুবক মো. তরিক (৩২)। আগামী ১৫ নভেম্বর কর্মসংস্থানের উদ্দেশ্যে কাতার যাওয়ার কথা ছিল তার। বিদেশযাত্রার সব প্রস্তুতি যখন প্রায় শেষ, তখনই একটি দুর্ঘটনায় থেমে গেল তার জীবনের পথচলা।
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে।
নিহত তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
তারিকের পরিবারের ভাষ্য, ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে হাজীগঞ্জের মেনাপুর গ্রামে মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।
পথে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তরিক।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে চলে যান। পরে তার পরিচয় জানা যায়। তিনি মোস্তাফিজুর রহমান (২২), মকুন্দশার গ্রামের বাবুল প্রধানিয়া ও শাহিনুর বেগমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে আগামী ১৫ নভেম্বর কাতার যাওয়ার পরিকল্পনা করেছিলেন তরিক। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছিল।