চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীকে সব ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ, সুন্দর ও সম্প্রীতির নগরীতে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “আমি এমন একটি রংধনু শহর গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষ মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও সমান অধিকার নিয়ে বসবাস করবেন।”
আজ শুক্রবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন হলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীকে ‘গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি’ হিসেবে গড়ে তোলা তার অন্যতম লক্ষ্য। একটি শহর তখনই প্রকৃত অর্থে সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে, যখন সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন, মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেন এবং সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ডা. অঞ্জন কুমার দাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত। মহান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও মনস্বী শিক্ষাবিদ অধ্যাপক হারাধন নাগ। এ সময় নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিকের প্রতিষ্ঠাতা সভাপতি কর্মবীর দিলীপ কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বাগীশিক উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য, লায়ন দিলীপ কুমার শীল, লায়ন শম্ভু দাশ, অধ্যাপক কৃষ্ণা দাশ, চিত্রালী রায়, কৃষ্ণা চৌধুরী, রাজীব দাশসহ অনেকে।