× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগনের সঙ্গে কোন প্রতারণা কিংবা অন্যায় বরদাস্ত করা হবে : আখতারুজ্জামান রঞ্জন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:২৯ পিএম

কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘রাষ্ট্র পরিচালনা করতে হলে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জনগণের সঙ্গে প্রতারণা কিংবা কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। বর্তমান সরকারকে সহযোগিতা করা হবে, তবে অন্যায় হলে তার প্রতিবাদও করা হবে।’

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতে ইসলামী নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমীরে জামায়াত বলেছেন, এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব। কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। জনগণের সঙ্গে ধোঁকা দেওয়া বরদাস্ত করা হবে না। 

তিনি বলেন, আমি এখন একজন সিনিয়র সিটিজেন। আমার বয়স ৭৫ বছর, একজন এসপির বয়স ৫৯ বছর। অথচ সম্মান দেখানোর ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যাচ্ছে। একজন এসপি, জেলা প্রশাসক, সচিব কিংবা আইজিপি তাঁরা রাষ্ট্রের কর্মকর্তা। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাঁদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকা উচিত।

নিজের বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমি আইনের ঊর্ধ্বে নই। আমার নামে মামলা হতে পারে, বিচার হতে পারে, পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হ্যান্ডকাফও পরাতে পারে। কিন্তু আমার বাড়িতে ডিবি যেতে পারে না। ডিবির কাজ গোপনে তদন্ত করা।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, গার্মেন্টসশ্রমিকদের বেতন এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া উচিত। মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব।

আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি মানুষ দক্ষ ও অভিজ্ঞ। ইনশাআল্লাহ, আগামী দিনে আল্লাহ যদি আমাদের সুযোগ ও তৌফিক দেন, তাহলে বাংলাদেশ কীভাবে সঠিক পথে চলবে, কীভাবে জনগণের কল্যাণ হবে এবং কীভাবে ন্যায় ও সত্যের পথে দেশ পরিচালিত হবে, তা জামায়াতে ইসলামী দেখিয়ে দেবে।

জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।

এর আগে শুক্রবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমি ৪০ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমার সেই ৪০ বছরের রাজনীতিতে কোনো ভুল ছিল না। কিন্তু সেই রাজনৈতিক নদীতে আজ চর পড়ে গেছে। সময়ের প্রয়োজনে ন্যায় ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি করতে আমাকে নতুন ধারায় আসতে হয়েছে। সেই বড় নদীটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা