নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:০৩ পিএম
মা–বাবার স্মরণে নয় বছর ধরে নিজ গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন বরিশাল ডায়াবেটিস হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডা. আলতাফ মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মা–বাবার স্মরণে নয় বছর ধরে নিজ গ্রামে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন বরিশাল ডায়াবেটিস হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডা. আলতাফ মাহমুদ। শুধু চিকিৎসা ও ওষুধই নয়, দূরদূরান্ত থেকে আসা অসহায় রোগীদের যাতায়াতের ভাড়া এবং দুপুরের খাবারও দেওয়া হয় তাঁর উদ্যোগে।
শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে দিনব্যাপী আয়োজনে চিকিৎসাসেবা পেয়েছেন নিবন্ধন করা ১ হাজার ৫০০ রোগী।
সকাল আটটায় কচুয়া গ্রামের ডা. আলতাফ মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শুরু হয় এ চিকিৎসা কার্যক্রম। চলে রাত ১০টা পর্যন্ত। রোগীদের প্রথমে টোকেন দেওয়া হয়। এরপর বিনা মূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরে ডা. আলতাফ মাহমুদ নিজে রোগীদের ব্যবস্থাপত্র দেন। নির্ধারিত বুথ থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনা মূল্যে ওষুধ সংগ্রহ করেন তাঁরা।
উজিরপুর ছাড়াও বাবুগঞ্জ, গৌরনদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। দূর থেকে আসা অসহায় রোগীদের দেওয়া হয় যাতায়াতের ভাড়াও। আয়োজকদের পক্ষ থেকে দুপুরে শুকনা খাবারের ব্যবস্থা করা হয়।
চিকিৎসা নিতে আসা মুনিয়া জামান বলেন, ‘বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। শহরে গিয়ে চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়।
আগৈলঝাড়া উপজেলা থেকে আসা মো. আল আমিন বলেন, প্রতিবছর মাইকিং করে এ আয়োজনের কথা জানানো হয়। সকালে এসে চিকিৎসা ও ওষুধ নিয়েছি। বাড়ি ফেরার ভাড়াও দিয়েছেন চিকিৎসক।
ডা. আলতাফ মাহমুদ বলেন, মা–বাবার স্মরণে নয় বছর ধরে তাহমিনা ওয়াজেদ চ্যারিটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। মানুষের কল্যাণ ও উপকারের জন্যই এ উদ্যোগ। পরোপকারে যে এতটা তৃপ্তি পাওয়া যায়, তা বলে শেষ করা যাবে না। যত দিন বেঁচে আছি, এ আয়োজন অব্যাহত রাখার আশা রাখি।
আয়োজনের ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, এখানে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। এবারের আয়োজনের জন্য তিন হাজারের বেশি ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে।