কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৫১ পিএম
কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ৮৬ ব্যাচের জেলা বন্ধু মিলনমেলা-২০২৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিনের স্মৃতি ও বন্ধুত্বের টানে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ৮৬ ব্যাচের জেলা বন্ধু মিলনমেলা-২০২৬। শুক্রবার সকালে কুড়িগ্রাম টাউন হলে এসএসসি ৮৬ ব্যাচের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে কুড়িগ্রাম টাউন হল। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ শতাধিক বন্ধু অংশ নেন।
শাহিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেনÑ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার গাজী সিরাজ, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাবেক সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট ফসিহ উদ্দীন মাহতাব, মিরপুর জোনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমেদ, মোশাররফ হোসেন খান এবং কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদসহ অনেকে।
দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় টাউন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরবাজার প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কুড়িগ্রামে বন্ধুদের এমন বৃহৎ মিলনমেলা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সময়ের ব্যবধানে সবাই কর্মজীবনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। এই ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে পারলে অসহায় ও বিপদগ্রস্ত বন্ধুদের পাশে দাঁড়ানো সম্ভব হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।