রংপুর অফিস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে ম্যারাথন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সপ্তাহে তিন দিন, জমা পানি ফেলে দিন’ স্লোগানকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর সিটি ম্যারাথন হয়েছে।
শুক্রবার ভোর ৬টায় পাবলিক লাইব্রেরি মাঠে ম্যারাথনের উদ্বোধন করেন, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী।
বিউটিফুল রংপুর ফাউন্ডেশন ও রূপান্তর যুব সংগঠনের সহযোগিতায় আয়োজিত ম্যারাথনে নগরীর শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী ৫ শতাধিক রানার অংশ নেয়। নগরীর ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয় রংপুর সিটি ম্যারাথন। শারীরিক-মানসিক বিকাশসহ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে অংশগ্রহণকারীরা। শেষে ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি করপোরেশন প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেনÑ বিউটিফুল রংপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুন্তাসির পারভেজ অংকুর, রূপান্তর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার নাফিসসহ অন্যরা। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনের পর থেকে রংপুর সিটি করপোরেশন পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রকোপ বাড়ায় সিটি করপোরেশন ম্যারাথনের মাধ্যমে নগরবাসীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ম্যারাথনের মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশসহ মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংষ্কৃতিক কর্মকাণ্ডে যুবদের যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। তাই বছরব্যাপী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।