প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৪২ পিএম
পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে স্বামীর হাতুড়ির আঘাতে মারা গেছেন স্ত্রী, একজন আত্মহত্যা করে মারা গেছেন এবং দুজন মারা যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের মরদেহ উদ্ধার করেছে।
চকরিয়া (কক্সবাজার) : জেলার চকরিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ওই এলাকার বাসিন্দা বাহাদুরের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর : কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় এক হাজতিকে ঝুলতে দেখেন দায়িত্বরত কারারক্ষী। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু নামের এক হত্যা মামলার বিচারাধীন বন্দি মারা গেছেন। কারা কর্তৃপক্ষের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে কারাগারের শৌচাগারে এ ঘটনা ঘটে। পরে বিকাল পৌনে ৪টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। একটি হত্যা মামলায় বিচারাধীন বন্দি হিসেবে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এক অজ্ঞাতনামা বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল বেলায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-কংশনগর সড়কের পাশে তেল ব্যবসায়ী লিটনের বাড়ির কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধাকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গেলেও এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : জেলার কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের কোটচাঁদপুর রোড সংলগ্ন নতুন বাজার এলাকার চারদিক খোলা একটি চাটাইয়ের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করতেন। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।