উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৩৫ পিএম
উল্লাপাড়া মডেল থানা। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত রাজিব হোসেন এর আগেও একই উপায়ে তার দুই প্রাইভেট ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও সংসার টেকেনি। অভিযুক্ত রাজিব হোসেন উপজেলার বালসাবাড়ী কাঁঠালতলা গ্রামের আল মাহমুদের ছেলে এবং স্থানীয় ‘অধ্যয়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক। নিখোঁজ ছাত্রী বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। কিন্তু পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এরপর থেকে ওই ছাত্রী ও কথিত শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন রাতে বৃহস্পতিবার রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে থানায় মামলা করেন ছাত্রীর মা।
ছাত্রীর মায়ের থানায় দেওয়া মামলায় বলা হয়েছে, অভিযুক্ত রাজিব হোসেন এর আগেও তার দুই প্রাইভেট ছাত্রীকে কয়েক মাসের ব্যবধানে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়েও হয়। কিন্তু পরবর্তী সময়ে দুজনকেই ডিভোর্স দেন এই শিক্ষক। বর্তমানে তার ঘরে একটি স্ত্রী রয়েছে।
বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছেন। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ছাত্রীর মা উল্লাপাড়া মডেল থানায় কথিত শিক্ষক রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনকে আসামি করে অপহরণ মামলা করেছেন।