তারাগঞ্জ (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:২২ পিএম
তারাগঞ্জে নির্দেশবহির্ভূত সার পরিবহনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের তারাগঞ্জে নির্দেশবহির্ভূত সার পরিবহনের দায়ে কনক কুমার দত্ত (৫৭) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার। এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
নির্দেশবহির্ভূত সার পরিবহনের দায়ে কনক কুমার দত্তকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার থানাপাড়া এলাকার শ্রী কৃষ্ণ কুমার দত্তের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।