খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:১৪ পিএম
ধ্বংসাবশেষের হাত থেকে যদি কিছু রক্ষা পায়, তাই খুঁজছেন ক্ষতিগ্রস্ত পরিবারের এক নারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাত পৌনে ৩টা। নিস্তব্ধ চারপাশ। মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ মোবাইল ফোনে খবর আসে অগ্নিকাণ্ডের। ব্যবসায়ীরা দিশেহারা হয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। তারা এসে দেখেন আগুন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাবা বসিয়েছে।
কেউ ছুটলেন আগুন নেভাতে। কেউ শেষ সম্বলটুকু রক্ষায় প্রাণান্ত চেষ্টা করলেন। কিন্তু চোখের সামনেই দীর্ঘকালের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেল।
গত শুক্রবার গভীর রাতে খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় শর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘরে আগুন লাগে। এতে পুড়ে গেছে কাঠের আসবাবপত্র, দোকানের মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র, গৃহস্থালির সামগ্রীসহ একটি অটোরিকশা। প্রাথমিক ধারণায় ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। এক রাতেই আগুন ব্যবসায়ীদের পথে বসিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জনি বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলেন তারা। রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে দেখেন দাউ দাউ আগুন। তার অভিযোগ, পানির সংকট না থাকলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত। ক্ষয়ক্ষতিও কম হতো।
তিনি বলেন, আমাদের দোকানে কাঠের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ছিল। কাঠের জিনিস থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরও পাইপ সংযোগ ও পানির ব্যবস্থা করতে গিয়ে সময় লেগেছে। এই মধ্যবর্তী সময়ে দোকানগুলো পুড়ে শেষ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুলসহ অন্যদের কাছে এখন পোড়া কাঠ, ছাই আর ধ্বংসস্তূপই তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্মৃতি। যে দোকানগুলো ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস। তা পড়ে যাওয়ায় কীভাবে ব্যবসা শুরু করবেন, তা নিয়েই দুশ্চিন্তায় তারা।
এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, তার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান থেকেই পুরো পরিবারের ভরণপোষণ চলে। আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবারের খরচ চালানো নিয়েই অনিশ্চয়তা পড়লেন। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও। সম্মিলিত প্রচেষ্টায় আড়াই থেকে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনের ভয়াবহতা কেড়ে নেয় নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘরের সম্পদ।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, সরে হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু বলেন, সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।