× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাসদস্য তিতাসের স্ত্রীর আহাজারি

‘এহন আমি কী নিয়া বাঁচুম’

ফরিদপুর ও নগরকান্দা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

সেনাসদস্য তিতাসের স্ত্রী ও মায়ের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেনাসদস্য তিতাসের স্ত্রী ও মায়ের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘আমারে কথা দিয়েছিলেন, আপনের কাছে নিয়া যাবেন। আপনি তো আমারে নিয়া গেলেন না। আমাকে একা কইরা চইল্যা গেলেন, এহন আমি কী নিয়া বাঁচুম।’—এভাবেই বিলাপ করছিলেন কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের স্ত্রী সুমাইয়া আক্তার।

শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে তিতাসের বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছোট ঘরের এক কোণে বসে আহাজারি করছিলেন সুমাইয়া। পাশের ঘরে ছেলের ছবি বুকে জড়িয়ে বিলাপ করছিলেন তিতাসের মা রেখা বেগম। পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ বাবা আফজাল শেখ ছেলের মৃত্যুসংবাদ পেয়ে অশ্রুসিক্ত চোখে নির্বাক বসে ছিলেন। স্বজনদের আহাজারিতে বাড়িজুড়ে চলছে মাতম।

আফজাল শেখ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিতাস ছিলেন সবার বড়। তার ছোট ভাই আকরাম শেখও সেনাবাহিনীতে কর্মরত। তিতাস সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিতাস শেখ। চার বছর আগে বিয়ে করেন পাশের গ্রামের সুমাইয়া আক্তারকে। তাদের কোনো সন্তান নেই। আগামী ডিসেম্বরে স্ত্রীকে কর্মস্থলে নেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে তা আর পূরণ হলো না।

স্বামীকে হারিয়ে বারবার বিলাপ করছেন সুমাইয়া। কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমারেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আল্লাহ, আমি এখন কী করব!’

ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মা রেখা বেগম। তিনি জানান, বুধবার রাতে ছেলের সঙ্গে শেষ কথা হয় তার। তিতাস বলেছিলেন, ‘বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাবো, মা তুমি দোয়া কইরো।’ সেটিই যে ছেলের সঙ্গে শেষ কথা হবে, তা ভাবতে পারেননি রেখা বেগম। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিলাপ করছেন তিনি।

নিহত তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, তিতাস খুব ভালো ছেলে ছিল। দেশের জন্য সে জীবন দিয়েছে। আমরা চাই, সরকার পরিবারটির পাশে দাঁড়াক, যাতে তার বিধবা স্ত্রী বেঁচে থাকতে পারেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, শহীদ পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

জুমার নামাজের পর রামুতে তিতাসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমি স্কুল মাঠে আনা হয়। সেখান থেকে নেওয়া হয় লস্করদিয়া আতিকুর রহমান স্কুল মাঠে। গার্ড অব অনার শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। সন্ধ্যায় লস্করিয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। প্রথমে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে রাত ৮টা ৪৮ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা