× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে আবারও দস্যু আতঙ্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে ১০ জেলে অপহরণ

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। ২৪ ঘণ্টার ব্যবধানে সুন্দরবনের পৃথক দুটি এলাকা থেকে দুই দফায় ১০ জন জেলে অপহরণের শিকার হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকা থেকে পাঁচজন জেলেকে তুলে নিয়ে গেছে বনদস্যু ‘বাম্বা বাহিনী’।

বৃহস্পতিবার রাতে অপহৃত পাঁচ জেলে হলেন—ইছাক আলী, মইন আলী, জলিল, নূর ইসলাম ও আবু। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

অপহৃত জেলেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জেলেরা বন বিভাগের বৈধ অনুমতি নিয়ে বুড়ির দুনি এলাকায় মাছ ধরছিলেন। এ সময় সশস্ত্র বাম্বা বাহিনীর সদস্যরা অতর্কিত হানা দিয়ে তাদের জিম্মি করে গভীর বনে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে অপহৃতদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে।”

এর আগে গত বুধবার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে আরও পাঁচ জেলেকে অপহরণ করে ‘জাহাঙ্গীর বাহিনী’। অপহৃতরা হলেন—মোস্তফা মোড়ল, ওসমান মোড়ল, কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজী। পরদিন বৃহস্পতিবার সকালে বনে জাহাঙ্গীর বাহিনী ও মিঠু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে সেই সুযোগে মোস্তফা ও ওসমান কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। তবে বাকি তিন জেলের এখনো কোনো সন্ধান মেলেনি।

এক দিনের ব্যবধানে দুটি পৃথক দস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহরণের ঘটনায় পুরো উপকূলীয় এলাকায় নতুন করে দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, সুন্দরবনে বারবার এ ধরনের অপতৎপরতা সাধারণ জেলে ও উপকূলের মানুষকে আতঙ্কিত করে তুলছে। তিনি অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপহৃতদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা