× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটকে প্রাণ ফিরেছে সেন্টমার্টিন, দুদিনে গেল ২৪০৪ পর্যটক

তাহজীবুল আনাম, কক্সবাজার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:২৭ পিএম

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিতালি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটন মৌসুম শুরু হওয়ায় প্রতিদিনই বাড়ছে পর্যটকের আনাগোনা।

এর মধ্যে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ শুরু হওয়ায় পর্যটন কেন্দ্রগুলোতে যোগ হয়েছে নতুন মাত্রা। 

প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়া প্রায় ৮৫০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে নিয়মিত চলাচল শুরু করে তিনটি জাহাজ। শুক্রবার দ্বিতীয় দিনে তিনটি জাহাজে সেন্টমার্টিন গেলেন প্রায় ১,৫৫৪ পর্যটক। গত দুদিনে সেন্টমার্টিন ভ্রমণে গেলেন প্রায় ২৪০৪ পর্যটক। 

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে তিনটি জাহাজে সেন্টমার্টিন গেলেন প্রায় ১,৫৫৪ পর্যটক।

শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, সাগরের ঢেউ, বিস্তীর্ণ বালুচর আর দিগন্তজোড়া নীল জলরাশি উপভোগ করতে সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে ভিড় করছেন পর্যটকেরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে এসেছেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। অনেকে ব্যস্ত ছবি তোলা ও আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে। অন্যদিকে সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটেও সেন্টমার্টিনগামী তিনটি জাহাজে পর্যটকদের ভিড় দেখা যায়। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে দ্বীপ ভ্রমণে যাওয়ার আনন্দ-উচ্ছ্বাস ছিল তাদের চোখেমুখে।

পর্যটকের সংখ্যা বাড়ায় সৈকতকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও বেড়েছে কর্মচাঞ্চল্য। হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও সৈকতপাড়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বাড়ছে ব্যস্ততা। তবে পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, নভেম্বরের শুরু থেকেই পর্যটন মৌসুম শুরু। গত মাসে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনার দায় কোনো পক্ষই এড়াতে পারে না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসন, স্থানীয় জনগোষ্ঠী ও হোটেল কর্তৃপক্ষ সবার। বিশেষ করে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় এবার পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে তারা আশা করছেন। তবে পর্যটকদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের বাড়তি উপস্থিতি বিবেচনায় সমুদ্রসৈকতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন লাইফগার্ড কর্মীরা।

সি সেফ লাইফগার্ড সংস্থার জ্যেষ্ঠ কর্মী মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে পর্যটকের সংখ্যা তুলনামূলক বেশি থাকে। তাদের নিরাপত্তায় সৈকতের তিনটি পয়েন্টে তিন স্তরে কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। ওয়াচ টাওয়ার থেকে পর্যটকদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। 

পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পর্যটকদের নিরাপত্তা, হয়রানিমুক্ত পরিবেশ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা গেলে কক্সবাজারে পর্যটকের আগমন আরও বাড়বে।

এদিকে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। দ্বীপের কেয়াবনে প্রবেশ, ছেঁড়াদ্বীপে যাওয়া, পার্টি আয়োজন ও উচ্চ শব্দ সৃষ্টি নিষিদ্ধ। সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডও করা যাবে না।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, প্রথম দিন প্রায় ৮৩৭টি টিকিট বিক্রি হয়েছে, যা জাহাজটির মোট ধারণক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ। এবং শুক্রবার তিনটি জাহাজে প্রায় ১,৫৫৪ পর্যটক দ্বীপ ভ্রমণে যান। এ ছাড়া পরিবেশ সংরক্ষণে সরকারের নির্দেশনা এবং প্লাস্টিক ও সাউন্ডবক্স বহন না করার বিষয়ে পর্যটকদের সচেতন করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা