কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৯:০১ পিএম
গুলিবিদ্ধ ব্যবসায়ী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের খরুলিয়ায় চলন্ত গাড়ির গতিরোধ করে মাহমুদুল হক নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খরুলিয়া রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ মাহমুদুল হকের বাড়ি কক্সবাজার সদরের লিংক রোড এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের হাশেমিয়া মাদরাসা এলাকায় বসবাস করছেন। হামলার পেছনে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে দায়ী করেছেন তিনি।
তার অভিযোগ, লিংক রোড এলাকার বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ৫ আগস্টের পর তাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। এ বিরোধের জেরেই লিয়াকত আলীর ভাই জায়েদ, কিতাব আলী ও ওয়াজেদ আলী এবং তাদের সহযোগী নাসেরসহ ছয়জন তার ওপর হামলা চালিয়েছেন।
তবে অভিযোগের ব্যাপারে কিতাব আলী জানান, আমি তখন বাসায় ঘুমে ছিলাম। কিভাবে সেখানে যাবো? এ হামলার প্রশ্নই আসেনা।
ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার মাহমুদুল জানান, শুক্রবার দুপুরে নোহা গাড়িতে রামু যাচ্ছিলেন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে। এ সময় তিনি নেমে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। একটি গুলি শরীরের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন।