মধ্যাঞ্চলীয় অফিস ও কটিয়াদী প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:৫০ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াত আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির রাজনীতিতে ৪০ বছর কাটিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। বিএনপির রাজনীতির ধারায় চর পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ন্যায়বিচার, সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই নতুন রাজনৈতিক ধারায় এসেছেন।
শুক্রবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াত আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমি ৪০ বছর বিএনপির রাজনীতি করেছি। আমার সেই রাজনীতিতে কোনো ভুল ছিল না। কিন্তু সেই রাজনৈতিক নদীতে আজ চর পড়ে গেছে। সময়ের প্রয়োজনে ন্যায় ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি করতে নতুন ধারায় এসেছি। সেই বড় নদীটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি বলেন, ইনশাআল্লাহ, আমাদের জয় হবেই। সত্যের জয় হবে, ইনসাফের জয় হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি দুটি জনসেবামূলক কর্মসূচি ঘোষণা করেন আখতারুজ্জামান। প্রথমটি হলো কটিয়াদী বাজারের ময়লার স্তূপ পরিষ্কার। এ কাজে নিজে উপস্থিত থাকা ও ব্যয় বহনের ঘোষণাও দেন তিনি। দ্বিতীয় কর্মসূচির আওতায় একটি আরসিসি সড়কের পাশে মাটি ভরাট করে শোল্ডার নির্মাণ করা হবে। সড়কটির কয়েকশ মিটার অংশে প্রায় ১০ ইঞ্চি উঁচু ঢালাই থাকলেও পাশে শোল্ডার নেই। এতে রাতে অটোরিকশাসহ যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। এ ঝুঁকি কমাতে শনিবার সকাল ১০টায় গুদাম সাহেবের নেতৃত্বে মাটি ভরাটের কাজ শুরু হবে বলে জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনকটিয়াদী উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক আমির রফিকুল ইসলাম, নায়েবে আমির সাইদুল হক, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ ও ট্রলির সংকট এবং জমজমের পানি নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় সরকারি কাজে বাধার অভিযোগে আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে মামলা হয়; পরে গ্রেপ্তার ও এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। গত রবিবার হাইকোর্ট থেকে জামিন পান তিনি।