পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:৩৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:৩৫ পিএম
পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।
শুক্রবার সকালে পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
জেলা সেক্রেটারি মো. শহীদুল ইসলাম আল কায়ছারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা মো. ফখরুদ্দিন খান রাযী ও মাওলানা আ. ছালাম খান। এ ছাড়া জেলা সহকারী সেক্রেটারি মো. আলমগীর হোসাইন ও এ বি এম সাইফুল্লাহসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবনির্বাচিত জেলা আমীরকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে অ্যাডভোকেট মো. নাজমুল আহসান ২০২৭-২০২৮ সেশনে পটুয়াখালী জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরের নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।