পথসভায় ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার সময় হতবাক হয়ে যান উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা।
বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার পক্ষে বক্তব্য দিতে গিয়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুই ব্যক্তি এ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় প্রচারের অংশ হিসেবে সভার আয়োজন করেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাঁরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। তাঁদের এমন স্লোগানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় কয়েকজন নেতাকর্মী তাঁদের বক্তব্য থামানোর চেষ্টা করেন। ঘটনার পর কয়েকজন নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেন বলেও জানা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কেউ কেউ।
এর আগে ৮ অক্টোবর গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্যের পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। ওই ঘটনায় চার শিক্ষার্থীকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। মামলায় তিন শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ পর জামিন পেলেও একজন এখনো কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে হলদিয়ার পথসভার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, দলীয় মনোনয়ন পেতে জহিরুল ইসলাম লিমন হাওলাদার আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সভা-সমাবেশ করছেন এবং তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজনের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন। তাঁর আশ্রয়ে কিছু ব্যক্তি বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও তাঁদের দাবি। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অভিযোগ প্রত্যাখ্যান করে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, “গ্রামের মানুষ না বুঝে জয় বাংলা বলে ফেলেছে। অভিযুক্তরা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না।”
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, “বিষয়টি আমি জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”