× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় ইতালি যাওয়ার প্রলোভনে পড়ে নিঃস্ব ৫ ব্যক্তি

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬ ১৮:০৪ পিএম

ভুক্তভোগী চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ফুলবাগাদি গ্রামের বাসিন্দা জাহিদ হাসান, কামরুল হাসান, জাহিদুল ইসলাম ও নিমতলা গ্রামের আলিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ফুলবাগাদি গ্রামের বাসিন্দা জাহিদ হাসান, কামরুল হাসান, জাহিদুল ইসলাম ও নিমতলা গ্রামের আলিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইতালি যাওয়ার প্রলোভনে পড়ে লিবিয়ায় বন্দি হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন চুয়াডাঙ্গার পাঁচ ব্যক্তি। ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে জীবন নিয়ে দশ মাস পর দেশে ফিরলেও প্রলোভনের শিকার ব্যক্তিরা নিঃস্ব হয়ে গেছেন।

সরেজমিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী, নিমতলা ও বড়গাংনী গ্রামে গিয়ে জানা গেছে, ফুলবগাদী গ্রামের বাসিন্দা জাহিদ হাসান, কামরুল হাসান, জাহিদুল ইসলাম, নিমতলা গ্রামের আলিফ ও বড়গাংনী গ্রামের ছাব্বির আলী ইতালি যাওয়ার প্রলোভনের শিকার হন। বয়সে একুশ থেকে পঞ্চাশোর্ধ্ব এই ৫ জনের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা আনবেন। এই স্বপ্নই তাদের ঠেলে দেয় ভয়াবহ বিপদের মুখে।

নিমতলা গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা চায়ের দোকানি আসাদুল, যিনি এলাকায় আপানুর নামে পরিচিত, তার ছেলে মোহাম্মদ আলী হাউসের মাধ্যমে এই পাঁচ ব্যক্তির পরিবারের কাছে পৌঁছায় লোভনীয় প্রস্তাব। ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বিদেশে পাঠানোর কথা বলা হয়। আপানুরের ছেলে মোহাম্মদ আলী হাউস নিজেই বিদেশে থাকায় ওই প্রস্তাব কেউ সন্দেহের চোখে দেখেনি।

প্রস্তাবে রাজি হয়ে জমি বন্ধক, গবাদি পশু ও স্ত্রীর অলংকার বিক্রি করে টাকা জোগাড় করে পরিবারগুলো। কেউ কেউ ঋণ নেন এনজিও থেকে। চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা যাওয়ার আগে এবং বাকিটা ইতালি পৌঁছে দেওয়ার শর্তে অর্থ পরিশোধ করেই তারা রওনা দেন। সরাসরি ইতালি নিয়ে যাওয়ার কথা বলা হলেও বাংলাদেশ হয়ে কয়েকটি দেশ ঘুরিয়ে তাদের নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। লিবিয়ায় পৌঁছানোর পরপরই পাল্টে যায় পরিস্থিতি। তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, মোবাইল ফোন ও ভিসা সংক্রান্ত কাগজপত্র। বিচ্ছিন্ন করে দেওয়া হয় বাইরের সঙ্গে যোগাযোগ। আরও ৫৭ জনসহ বন্দি করে রাখা হয় একটি ঘরে। সেখান থেকে একেক জনকে আলাদা করে অন্য ঘরে নিয়ে গিয়ে তাদের দিয়ে পরিবারের সদস্যদের কাছে করানো হতো মোবাইল ফোন কল।

ভুক্তভোগী বড়গাংনী গ্রামের ছাব্বির আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তাদের মাধ্যমে দাবী করা হতো অতিরিক্ত টাকা। টাকা দিতে রাজি না হলে শুরু হতো শারীরিক নির্যাতন। নির্যাতনের মধ্যেই পরিবারের কাছে ফোন করিয়ে টাকা চাইতে বাধ্য করা হতো ভুক্তভোগীদের। এভাবে বিভিন্ন দফায় তাদের কাছ থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এত টাকা দেওয়ার পরও ইতালি পৌঁছানো হয়নি তাদের, বরং ঝুঁকিপূর্ণ টিউব দিয়ে তৈরি নৌকায় করে সাগরপথে ইতালি পাঠানো হয় তাদের। টিউবি দিয়ে তৈরি নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় টিউব ফুটো হয়ে তাদের নৌকা ডুবে যাওয়ার আগেই তড়িৎ গতিতে সেখানে কোস্ট গার্ড উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। আন্তর্জাতিক জলসীমায় ধরা পড়ে বিদেশি কারাগারে বন্দি হন তারা। সেখান থেকে মুক্তি পেতেও দিতে হয় অতিরিক্ত টাকা। শেষ পর্যন্ত অন্য একজন দালালের সহায়তা ও প্রশাসনিক তৎপরতায় দেশে ফেরেন পাঁচজন।

এদিকে দেশে ফিরে টাকা ফেরত চাইলে উল্টো হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত দালাল মোহাম্মদ আলী হাউস টাকা ফেরত দিতে রাজি হননি। 

এ প্রসঙ্গে অভিযুক্ত দালাল হাউসের বাবা আসাদুল ওরফে আপানের দাবি, তার ছেলে কোনো অন্যায় করেননি, ভুক্তভোগীরাই সাগর দেখে ভয়ে নিজেরা পালিয়ে এসেছে। নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।

ফুলবগাদী গ্রামের মসজিদপাড়ার প্রয়াত খোদা বক্সের ছেলে প্রতারণার শিকার জাহিদ হাসান বলেন, তার ৩০০টি ভেড়ার একটি খামার ছিল। ছিল জমি চাষ করার ট্রাক্টর। তিনি ১২ বছর কুয়েতে ছিলেন। তার ছিল গ্রামীণ স্বচ্ছল জীবন। সব বেচে গত বছরের নভেম্বর মাসে তিনিসহ আরও কয়েকজন ভালো বেতনের প্রলোভনে পড়ে ইতালি যেতে চেয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন তার ধূলিসাৎ হয়ে গেছে। লিবিয়ায় দশ মাস বন্দি থেকে নির্যাতনের শিকার হয়ে সাগরের বুক থেকে জীবন নিয়ে বেঁচে ফিরে তিনি আজ অসহায় জীবন পার করছেন। শারীরিক নির্যাতনের শিকার ব্যক্তিরা প্রায় সারা দিনই ঘুমিয়ে কাটান। তিনি ২৯ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে গেছেন।

দালাল মোহাম্মদ আলী হাউস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ই গ্রামের আইজউদ্দিনের ছেলে কামরুল ইসলাম বলেন, তারও ৬০টি ভেড়ার একটি খামার ছিল। গোয়ালে ছিল ১২টি গরু। সব বেচে, ঋণ নিয়ে, জমি বর্গা দিয়ে তিনি দালালদের ৩২ লাখ টাকার চাহিদা মিটিয়েও পৌঁছাতে পারেননি স্বপ্নের ইতালিতে।

ওই গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদুল ইসলাম বলেন, বাড়িতে গরু-ছাগল পুষে সেগুলো বেচে তার স্বচ্ছল জীবন কাটছিল। ইতালি যাওয়ার প্রলোভনে পড়ে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন। তিনিও দালালদের হাতে তুলে দিয়েছেন ৩৪ লাখ টাকা।

নিমতলা গ্রামের এনামুলের ছেলে আলিফ সেনাবাহিনীর চাকরি ছেড়ে দালালদের প্ররোচনায় ইতালি যেতে চেয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। তিনি ৩০ লাখ টাকা খুইয়ে নিঃস্ব হয়েছেন। চলে গেছে সেনাবাহিনীর চাকরিও। এখন তিনি স্তব্ধ   জীবন কাটাচ্ছেন।

বড়গাংনী গ্রামের সাদ আহম্মদের ছেলে চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের ইসলামী ইতিহাসের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছাব্বির আলী। তিনি দৈন্যতা ঘোঁচাতে পড়াশোনা বাদ দিয়ে দালালের মাধ্যমে ইতালি যেতে চেয়েছিলেন। কিন্তু নির্যাতন ও বঞ্চনার শিকার হয়ে লিবিয়ায় ২২ লাখ টাকা খুইয়ে তাকেও দেশে ফিরে আসতে হয়েছে।       

দালাল মোহাম্মদ আলী হাউসের বাবা আপান আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলমডাঙ্গা উপজেলা ইউএনও শাহীনুর আক্তার এ প্রসঙ্গে বলেন, আমরা জেনেছি এই উপজেলার ৩টি গ্রামের পাঁচজন ব্যক্তি অবৈধভাবে বিদেশ গিয়ে প্রচুর টাকা খুইয়ে সর্বশান্ত হয়ে গেছেন। আমরা সব সময় বলে আসছি, যারা বিদেশে যেতে চান, তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। বৈধভাবে বিদেশে গেলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে না। তখন তিনি পরিবারের কাছে রেমিটেন্স পাঠাতে পারেন। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। আমরা উপজেলার পক্ষ থেকে সবাইকে সচেতন করার উদ্যোগ নেবো। যে পরিবারগুলো দালালদের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি উপজেলা প্রশাসনের কাছে আসেন। তাহলে আমরা তাদের সহযোগীতা করার চেষ্টা করবো। 

জীবন নিয়ে ফিরলেও স্বাভাবিক জীবনযাপনের সামর্থ্য হারিয়েছে পাঁচটি পরিবার। মাথার ওপর ঋণের বোঝা, আর প্রতারকের বিলাসী জীবনের গল্প শুনতে শুনতে ভেঙে পড়েছেন তারা। মানবপাচারের এই চক্র কবে বন্ধ হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা